অস্ট্রেলিয়ান ওপেন শুরু কাল

জকোভিচের তৃতীয় শিরোপার হাতছানি

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২১:২৭
নোভাক জকোভিচের টানা তৃতীয় শিরোপা জয়ের প্রয়াসের মধ্যে আগামীকাল সোমবার সকালে মেলবোর্নে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। গত শুক্রবার অনুষ্ঠিত প্রতিযোগিতার ড্রয়ে আবার তুলনামূলকভাবে কম শক্তিশালী প্রতিপক্ষদের পেয়েছেন তিনি। মেয়েদের বিভাগে উল্লেখযোগ্য দিক হলো সেরেনা উইলিয়ামসের ষষ্ঠবারের মতো মেলবোর্নে শিরোপা জয়ের প্রয়াসটি। যদিও বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কার সাথে দেখা হয়ে যেতে পারে সেমিফাইনালেই। জকোভিচের প্রথম খেলা পড়েছে অবাছাই ফ্রান্সের পল অরি ম্যাথুর সাথে। কোয়ার্টার ফাইনালের আগে ২৫ বছর বয়সী এই সার্বিয়ানের সামনে বড় কোন প্রতিপক্ষ নেই। শুধু শেষ আটে গিয়ে তার সাথে খেলা পড়তে পারে পঞ্চম বাছাই চেকোশ্লোভাকিয়ার টমাস বার্ডিখের। পুরুষদের ড্রয়ে তার অংশে নেই টেনিসের ‘বিগ ফোর’ এর অন্যতম রজার ফেদেরার, অ্যান্ডি মারে ও অনুপস্থিত রাফা নাদাল। এরপরও তার সামনে সেমিফাইনালে এসে পড়তে পারেন চতুর্থ বাছাই স্পানিশ ডেভিড ফেরার। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ অবশ্য গেল বছরের প্রতিযোগিতায় ফেরারকে কোয়ার্টার ফাইনালেই হারিয়েছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে সাবেক উইম্বলডন জয়ী প্যাট ক্যাশ অবশ্য মনে করেন জকোভিচ, দ্বিতীয় বাছাই ফেদেরার ও তৃতীয় বাছাই মারের মধ্যে যে কেউই জিততে পারেন এবারের শিরোপা। ফেদেরারের জন্য প্রথম সপ্তাহটি অবশ্য অতটা সহজ হবে না। রেকর্ড ১৭তম গ্র্যান্ড স্ল্যামের জয়ের চেষ্টায় থাকা সুইস খেলোয়াড়টি শুরু করবেন অবাছাই ও ফরাসি বেনোইত পেইরের মুখোমুখি হয়ে। এরপর দ্বিতীয় রাউন্ডে তাকে খেলতে হতে পারে এক সময়ে বিশ্বের শীর্ষ দশে থাকা রাশিয়ার নিকোলাই ডেভিডেংকোর বিরুদ্ধে। তৃতীয় রাউন্ডে ফেদেরারের প্রতিপক্ষ হতে পারেন স্বাগতিকদের ভরসা বার্নার্ড টমিচ। এরপর শেষ ষোলয় ১৩তম বাছাই কানাডার প্রচণ্ড সার্ভের অধিকারী মিলোস রাওনিক এবং কোয়ার্টার ফাইনালে ফরাসি জো-উইলফ্রাইড সঙ্গার সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে ফেদেরারের। ইউএস ওপেন জয়ী মারে গত বছর থেকেই ক্যারিয়ারে সবচাইতে ভাল সময় কাটাচ্ছেন। অস্ট্রেলিয়ান ওপেনে তার শুরু হবে অবাছাই ডাচ রবিন হাসের সাথে। বৃটিশ খেলোয়াড়টির সামনে শক্ত বাধা বলতে যা বোঝায় তা ঘনিয়ে আসতে পারে কোয়ার্টার ফাইনালে যেখানে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন আর্জেন্টিনার জুয়ান মার্টিন ডেল পোত্রো। এই পোত্রোই ২০০৯ সালের ইউএস ওপেনে অপ্রত্যাশিতভাবে ফেদেরারকে হারিয়ে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন। কিন্তু বিখ্যাত এ জয়টির পর থেকে দিয়েগো ম্যারাডোনার দেশের টেনিস খেলোয়াড়টি ইনজুরির সমস্যায় ভুগে চলেছেন। ২০১২ সালে চারটি শিরোপা জেতা মারের দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নে সবার আগে বাগড়া দিতে পারেন এই আর্জেন্টাইনটি। এদিকে সেরেনা কোর্টে নামবেন রোমানিয়ার এডনা গ্যালোভিটস-হলের সাথে। তবে সবকিছু ঠিকঠাক এগুলে ৩১ বছরের আমেরিকানটি কোয়ার্টার ফাইনালেই দেখা পেতে পারেন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কভিতোভার। অস্ট্রেলিয়ান ওপেন জিতলে এটা হবে তার ১৬তম গ্র্যান্ড স্ল্যাম এবং গেল বছর উইম্বলডন ও ইউএস ওপেন জয়ের পর এ ধরনের টানা তৃতীয় শিরোপা। বিরল এ সৌভাগ্যের অধিকারী হতে হলে তাকে এর আগে অ্যাজারেঙ্কার বিরুদ্ধতার ফয়সালা করতে হবে। অ্যাজারেঙ্কা অবশ্য গত সপ্তাহে ব্রিসবেন ইন্টারন্যাশনালের সেমিফাইনালে সেরেনার মুখোমুখি হলেও শেষ মুহূর্তে পায়ের আঙ্গুলের সমস্যার কথা বলে ওই লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন। সমালোচকরা মনে করেন ব্যাপারটা ছিল কৌশলগত। উইলিয়ামস শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টটির শিরোপা জিতে নেন। শীর্ষ বাছাই অ্যাজারেঙ্কার প্রথম খেলা পড়েছে আরেক রোমানীয় মনিকার নিকুলেসকুর সাথে। অ্যাজারেঙ্কা জানিয়েছেন তার পায়ের আঙ্গুলের অবস্থা এখন অনেক ভাল। মেলবোর্নেও ইয়ারা নদীর পারে ড্র অনুষ্ঠানে তিনি বলেন, ‘গত কদিন ধরে আমি অনুশীলন করছি এবং ভাল মনে হচ্ছে।’ প্রত্যাশা অনুযায়ী খেলা এগুলো তার সাথে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকির সাথে। মারিয়া শারাপোভার জন্য প্রতিযোগিতার প্রথম সপ্তাহটি অতটা নিরাপদ নয়। প্রথম রাউন্ডে স্বদেশী ওলগা পুচকোভাকে মোকাবেলার পর অজি ওপেনের দ্বিতীয় বাছাই শারাপোভার সাথে তৃতীয় রাউন্ডেই দেখা হয়ে যেতে পারে ভেনাস উইলিয়ামসের।