সন্দেহাতীতভাবেই তারা দু’জন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দুই স্ট্রাইকার। আর এ মৌসুমের পরিসংখ্যান বলছে এ মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখনো পর্যন্ত তারাই দখল করে আছেন শীর্ষস্থান দুটি। তাই আরেকটি ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল মহারণ যখন সামনে তখন আবারও আলোচনায় উঠে এসেছে দু’জনের ব্যক্তিগত লড়াই। কে সেরা ম্যানইউ’র রবির ফন পার্সি এবং নাকি লিভারপুলের লুইস সুয়ারেজ? সেই প্রশ্নের জবাব হয়তো পাওয়া যাবে আজ ওল্ড ট্রাফোর্ডে। আর এই প্রশ্নের উত্তরের উপরেই অনেকাংশে নির্ভর করছে এই ম্যাচের ভাগ্য।
সুয়ারেজ ও পার্সি দু’জনই নিরন্তরভাবে টেনে চলেছেন নিজেদের দলকে। দলে দু’জনের প্রভার আরও ভালভাবে বোঝা যাবে পরিসংখ্যানের দিকে চোখ বুলালে। ১৬ গোল নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতা পার্সি। গোলসংখ্যায় ম্যানইউতে পার্সির কাছাকাছি আছেন কেবল অ্যালেক্সিজ সানচেজ। যার গোল সংখ্যা পার্সির অর্ধেক। আর ১৫ গোল করা সুয়ারেজের ধারে-কাছেও নেই অল রেডদের আর কেউ। ফিনিশিংয়ে দু’জনেই দুর্দান্ত। তবে কিছুটা হলেও এগিয়ে আছেন পার্সি। আর্সেনালে যখন ক্যারিয়ার শুরু করেন তখন গোলের জন্য অনেকটাই নিজের বা পায়ের ওপর নির্ভরশীল থাকা এই ডাচ ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছেন নিজের ডান পাকেও। দু’পায়েই এখন দারুণ কার্যকর এই খেলোয়াড় যে কোন দুরত্ব থেকেই গোলে শট নিতে সক্ষম। গোল করার পাশাপাশি গোল বানিয়ে দিতেও সিদ্ধহস্ত দু’জনেই। তবে এ ক্ষেত্রেও উরুগুইয়ান সুয়ারেজের চেয়ে সামান্য এগিয়ে পার্সি। পার্সি যেখানে ছয়টি গোলে সাহায্য করেছেন সেখানে সুয়ারেজ করিয়েছেন তিনটি। তবে ড্রিবলিং দক্ষতায় পার্সির চেয়ে এগিয়ে আছেন সুয়ারেজ। মাঝে মাঝেই গোলমুখে নিজের এ দক্ষতার প্রমাণ দিতেও ভুল করেন না এই লিভারপুল ফরোয়ার্ড।
