গঠনতন্ত্রের ব্যাপারে মোস্তফা কামালকে চিঠি দিবে বিসিবি

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২১:৩০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রের ব্যাপারে সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামালের কাছে চিঠি দিয়ে জানতে চাওয়া হবে কোথায় কোথায় ভুল আছে। শুধু তাই নয় এও জানতে চাওয়া হবে ভুল-ভ্রান্তিতে ভরা গঠনতন্ত্র জেনেও কেন তিনি এটা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে পাঠিয়েছিলেন। বিসিবি’র বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল শনিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সাবেক সভাপতি বর্তমান গঠনতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। বর্তমান গঠনতন্ত্রে অনেক ভুল-ভ্রান্তি রয়েছে বলেও উল্লেখ করেছেন। কিন্তু বিসিবিতে বিদ্যমান যে গঠনতন্ত্র সেটি সাবেক বোর্ড সভাপতির আমলেই হয়েছে।’ তাই পাল্টা তাকে প্রশ্ন করে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা এডহক কমিটি। তাই গঠনতন্ত্র নিয়ে আমাদের কিছুই করার নেই। তিনি এনএসসিকে তিনটি পরিবর্তনের জন্য একটি চিঠি দিয়েছিলেন। আজ তিনি ছোট ছোট সমস্যার কথা বলছেন। সেসব তো উনার সময় থেকেই ছিল। আমরা তার কাছে জানতে চাই, ভুলে ভরা ওই গঠনতন্ত্র কেন তিনি এনএসসির কাছে পাঠালেন?’। পরিবর্তন চাওয়া তিনটি বিষয় হলো পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচন, বিসিবিতে খেলোয়াড়দের কাউন্সিলরশীপ এবং প্রিমিয়ার লিগের সুপার লিগের ক্লাবগুলোকে দুটি করে কাউন্সিলরশীপ দেয়া। এই তিনটি পরিবর্তনের পরও সাবেক সভাপতি আবারো গঠনতন্ত্র ভুলে ভরা বলে আখ্যায়িত করায় পাপন বলেন, ‘এনএসসির কাছে তিনিই যেহেতু চিঠি দিয়েছেন তাই পরিবর্তনের পর তার দ্বি-মত থাকার কথা নয়। এই তিনটি পরিবর্তন আমি দেখেছি, বাকি যা আছে সেটা তার আমলেই করা। আমরা ঠিক করেছি তাকে চিঠি দিব। কি কি ভুল-ভ্রান্তি রয়েছে এবং জেনে-শুনে ভুল-ভ্রান্তি গঠনতন্ত্র কেন এনএসসিতে পাঠালেন সেটার সম্বন্ধে জিজ্ঞেস করবো’।