অ্যান্টি ডোপিং এজেন্সিকে অর্থ সাহায্য আর্মস্ট্রংয়ের

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২১:৩১
আমেরিকার অ্যান্টি ডোপিং এজেন্সি (ইউএসএডিএ) কে তাদের কাজে সহায়তা করার জন্য প্রায় দেড় লাখ ডলারের অর্থ সহায়তা দিতে চেয়েছিলেন সাইক্লিং সুপারস্টার ল্যান্স অ্যার্মস্ট্রং। ইউএসএডিএ প্রধান ট্রেভিস টাইগার্ট আমেরিকার একটি টিভি অনুষ্ঠানে সমপ্রতি এ তথ্য জানিয়েছেন। টাইগার্ট বলেন, ‘আমি দারুণ অবাক হয়ে গিয়েছিলাম। এটা ছিল পরিষ্কারভাবেই আমাদের প্রতিষ্ঠানের নীতির বাইরে। তাই আমরা বিনা দ্বিধায় তার প্রস্তাব বাতিল করে দিয়েছিলাম।’ তবে টাইগার্টের এ তথ্য অস্বীকার করেছেন আর্মস্ট্রংয়ের অ্যাটর্নি টিম হারমান। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কে পাঠানো এক ইমেইলে হারমান বলেন, ‘এ গল্পের কোন সত্যতা নেই। ল্যান্স (আর্মস্ট্রং) আজই প্রথম এমন কথা শুনল। সে কখনোই এমন কোন দান কাজ করেনি কিংবা প্রস্তাবও দেয়নি।’