টানা নয় দিন ডিএসইর লেনদেন দুইশ কোটির নিচে

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ১৯:১৩
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন টানা নয় দিন ধরে দুইশ কোটি টাকার নিচে। গতকাল লেনদেন হয়েছে ১২৪ কোটি টাকা। এর আগে গত ১২ ডিসেম্বর ডিএসইর লেনদেন হয়েছিল ২৪৯ কোটি টাকা। চলতি মাসে আগামী ছয় মাসের জন্য বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি গ্রহণ করবে। এ মুদ্রানীতি সঙ্কোচনমূলক হবে এমন আশঙ্কা বাজারে প্রভাব ফেলেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তবে বাজারে আস্থা ও তারল্য সঙ্কটই লেনদেন কমে যাওয়ার অন্যতম কারণ। ডিএসইর তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৪ হাজার ১২৩ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৩ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১২৪ কোটি ৮ লাখ ১৯ হাজার ৩৭৪ টাকা। যা আগের দিনের চেয়ে ২৮ কোটি ৩১ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের। এদিন ২৬৩টি কোম্পানির ৪ কোটি ১৫ লাখ ৭ হাজার ৭৮১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট কমে ১২ হাজার ৬২৬ পয়েন্টে নেমে এসেছে। সিএসই-৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে ১০ হাজার ৮৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ১৩০ টাকা। যা আগের দিনের চেয়ে ৪ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৬৬৮ টাকা কম। লেনদেনকৃত ১৭৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। মোট ১৭৩টি কোম্পানির ৫৫ লাখ ৩৮ হাজার ৪৯৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের হাত বদল হয়েছে।