চার দিনব্যাপী গার্মেন্টস এক্সেসরিজের প্রদর্শনী শুরু

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ১৯:১৪
চার দিনব্যাপী গার্মেন্টস এক্সেসরিজের প্রদর্শনী গতকাল রবিবার থেকে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। মেলায় দেশি ও বিদেশি মিলিয়ে ৩৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠান গার্মেন্টসের বিভিন্ন এক্সেসরিজ মেলায় প্রদর্শন করবে। তবে গ্যাপেক্সপো, গার্মেন্টেক ও ফেব্রিক্স এন্ড ইয়ার্ন আলাদা তিনটি নামে এক্সেসরিজের এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রবিবার বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনী উদ্বোধন করেন। যৌথভাবে এ মেলার আয়োজন করছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), এ এস কে ট্রেড ইন্টারন্যাশনাল এবং জাকারিয়া ট্রেড ইন্টারন্যাশনাল। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএপিএমইএ’র পক্ষ থেকে জানানো হয়, মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, পাকিস্তান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি, দুবাই, থাইল্যান্ড, জাপানসহ বেশ কয়েকটি দেশ অংশ নিচ্ছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, তৈরি পোশাক উত্পাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস কে সুর চৌধুরী প্রমুখ।