তারপরও সন্তুষ্ট মরিনহো!

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ১৯:২২
চিরকাল বিতর্কের সঙ্গেই তার বসবাস। এবার বোধহয় ক্যারিয়ারের সবচেয়ে বড় বিতর্কিত সময়টা পার করছেন। রিয়াল মাদ্রিদের চরম দুঃসময়ে তাদের প্রতীক, বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে বসিয়ে রেখে নতুন বিতর্ক তৈরি করেছেন হোসে মরিনহো। এই সময়ে মরিনহোর প্রতি সমর্থকদের বিরক্তি আরও বাড়িয়ে দিয়েছে লিগের তলানির দিকে থাকা দল ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র। কিন্তু বিস্ময়ের ব্যাপার হল, এই ড্রয়ের পরও মরিনহো বলছেন, তার দলের খেলায় তিনি সন্তুষ্ট। ওসাসুনার বিপক্ষে দীর্ঘ সময় ধরে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি রিয়াল। তারপর আবার এই ম্যাচেই লালকার্ড দেখেছেন ব্রাজিলিয়ান সুপার স্টার কাকা। তারপরও মরিনহো যুক্তি দিচ্ছেন, ‘এরকম একটা দলের বিপক্ষে চান্স তৈরি করাটাই খুব কঠিন ব্যাপার। আমরাও খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি। তারপরও কিছু তৈরি করতে পেরেছিলাম। যা সুযোগ তৈরি হয়েছে, তাতে আমি সন্তুষ্ট।’ সন্তুষ্টির কারণটা আরেকটু পরিষ্কার করে দিয়েছেন মরিনহো। রোনালদো, রামোসদের অনুপস্থিতিতে আলবিওল বা কোয়েন্তারো যা খেলেছেন, তাতেই আসলে বেশি সন্তুষ্ট মরিনহো, ‘দলের এই ম্যাচে আচরণটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে কয়েকজন খেলোয়াড় অনেকদিন পর দারুণ খেলেছে। আলবিওল বা কোয়েন্তানো লম্বা সময় ইনজুরিতে ভুগে ফিরেছে। তারা যা খেলেছে, তাতে অবশ্যই তাদের প্রশংসা পাওয়া উচিত।’ এরকম নরম নরম কথা বলা মানে, মরিনহো যে একটু পিছিয়ে যাচ্ছেন; এমন ভাবার কোনো কারণ নেই। যদিও ক্যাসিয়াস বিতর্ক নিয়ে সরাসরি কিছু বলছেন না। বরং গত দু’ম্যাচে ক্যাসিয়াসের পারফরম্যান্সের প্রশংসাই করছেন। তারপরও তিনি বলছেন, আগামী ম্যাচে ক্যাসিয়াসের প্রথম একাদশে থাকাটা নিশ্চিত কিছু না, ‘গত দু’ম্যাচে দল ভালো খেলেছে; ক্যাসিয়াসও দলেরই অংশ হিসেবে ভালোই খেলেছে। সেল্টার বিপক্ষে সে যেমন খেলেছে, সেটা আমার পছন্দ হয়েছে। দলের জন্য কিছু উপকারী মুহূর্ত উপহার দিয়েছে। তারপরও ভ্যালেন্সিয়ার বিপক্ষে আগামী ম্যাচ সে খেলবে কি না, সেটা এখনই বলা সম্ভব না।’ তার মানে, ক্যাসিয়াসের ব্যাপারে নিজের মনোভাব এখনও বদলাননি মরিনহো!