স্টোক সিটির ভয়াবহ রাত!

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ১৯:২৩
জোনাথন ওয়াল্টার্স ভাগ্যকেই হয়তো দুষবেন। এছাড়া আর কি বা করতে পারেন। কারণ গত শনিবার স্বাগতিক স্টোকসিটির এই ফুটবলার দু’টি আত্মঘাতী গোল করেছেন। আবার সেইসাথে পেনাল্টি কিক থেকেও গোল আদায় করতে পারেননি। ফলে সফরকারী চেলসি ব্রিটানিয়া স্টেডিয়ামে ৪-০ গোলে জয় তুলে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তিনে উঠে আসেন। আয়ারল্যান্ডের এই ফুটবলার প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হেড থেকে নিজের জালেই বল জড়িয়ে দেন। আবার ম্যাচের ৬২ মিনিটে তার আত্মঘাতী গোল চেলসি ২-০ ব্যবধানে এগিয়ে যায়। তিন মিনিট পর চেলসির ফ্রাঙ্ক ল্যাম্পার্ড পেনাল্টি থেকে ঠিকই গোল আদায় করে নেন। দলের চতুর্থ গোলটি করেন এডেন হ্যাজার্ড ৭৩ মিনিটে। ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি পেয়েও গোল করতে পারেন স্টোক। এবারও খলনায়ক ওয়াল্টার্স ! প্রিমিয়ার লিগে শততম ম্যাচটি দুঃস্বপ্নের মত হয়ে থাকলো ওয়াল্টার্সের। ল্যাম্পার্ডের গোলটি একটি মাইলফলক অতিক্রম করেছে। তিনি চেলসির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করলেন। চেলসির হয়ে ল্যাম্পার্ডের এটি ১৯৪তম গোল। রাফায়েল বেনিতেজের দল চেলসি দারুণভাবে ঘুরে দাঁড়াল। লিগ কাপে সেমি-ফাইনালের প্রথম লেগে তারা হেরে গিয়েছিল সোয়ানসি সিটির কাছে ২-০ গোলে। স্টোক পুরো মৌসুমে নিজেদের মাঠে হারেনি। কিন্তু সেই হার তাদের পেতে হল এমন ভয়াবহভাবে। প্রতিপক্ষকে দু’টি গোলই তারা আত্মঘাতী থেকে দিয়েছে। চেলসির অধিনায়ক জন টেরি দু’মাস ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন। ম্যাচের শেষের দিকে তিনি মাঠে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এদিকে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে টটেনহ্যাম হটস্পার গোলশূন্য ড্র করায় চেলসি তিনে চলে এসেছে পয়েন্ট টেবিলের। ৪১ পয়েন্ট নিয়ে তিনে চেলসি এবং এক পয়েন্ট কম অর্জন করে চারে আন্দ্রে ভিলাস বোয়াসের দল টটেনহ্যাম। চেলসির অন্তর্বর্তীকালীন ম্যানেজার রাফায়েল বেনিতেজ দাবি করেছেন তার দল উন্নতি করছে। সম্প্রতি দলের নৈপুণ্য ভাল না হওয়ায় বেশ চাপে ছিলেন। সমর্থকরাও অনেকে তাকে মেনে নিতে পারেনি। গত নভেম্বরে রবার্তো ডি ম্যাত্তিও বরখাস্ত হন। আর সেজন্য অনেকেই ক্ষিপ্ত। বেনিতেজ বলেন,‘দল ভাল করছে। খেলোয়াড়রা খুশি। তারা খুবই ভাল অনুশীলন করেছে। আপনি দেখে থাকবেন তারা পারফর্ম করার চেষ্টা করেছে। ক্লাবের প্রত্যেকই ভাল কাজ করেছে। আমরা যখন ম্যাচ খেলি তখন বাইরে কি হয় সেটার নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। কিন্তু আমরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করছি মাঠে।’ অ্যাস্টন ভিলার দুঃসময় কাটছেই না। নিজেদের মাঠে তারা সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে হেরে রেলিগেশন অঞ্চলে চলে গিয়েছে। উইগান অ্যাথলেটিক রেলিগেশন অঞ্চল থেকে বের হয়েছে ফুলহ্যামের সাথে ১-১ গোলে ড্র করে। প্রায় ৩০ গজ দূর থেকে গোল করেছিলেন সান্দারল্যান্ডের সেবাস্তিয়ান লারসোন। দুর্দান্ত এই গোলেই যেন অনুপ্রাণিত হয়ে স্বাগতিক সান্দারল্যান্ড ৩-০ গোলে হারাল ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। দলের অপর দু’টি গোল করেন অ্যাডাম জনসন এবং জেমস ম্যাকলিন। এভারটন গোলশূন্য ড্র করল সোয়ানসির বিপক্ষে। ফলে এভারটনকে থাকতে হলো পয়েন্ট টেবিলের পাঁচেই। এদিকে নিউক্যাসল ও নরউইচ সিটির লড়াইটাও গোলশূন্য ড্র হয়েছে।