আলেপ্পো সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ১৯:৫১
উত্তরাঞ্চলের প্রদেশ আলেপ্পোর বেশকিছু এলাকা পুনরায় নিয়ন্ত্রণে এনেছে সিরিয়ার সামরিক বাহিনী। এদিকে এখানকার সামরিক বিমান ঘাঁটি থেকেও বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে সেনাবাহিনী। ইদলিব প্রদেশের তাফতানাস সামরিক বিমান বন্দর পূর্ণ নিয়ন্ত্রণে আনার একদিন পর গত শনিবার বাশার বাহিনী আলেপ্পো দখল করে নেয়। এদিকে অস্থিতিশীল সিরিয়ার বিভিন্ন অঞ্চলে এদিন সংঘর্ষের ঘটনায় ৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লোকাল কো-অর্ডিনেশন কমিটি।-খবর সিনহুয়ার সেনাবাহিনী উমায়েদ মসজিদ এলাকা খান আল-ওয়াজির দখল করেছে। সরকারপন্থি সাম এফএম রেডিও সেনাবাহিনীর বরাত দিয়ে জানায়, আলেপ্পোর কেশাইশ বিমান ঘাঁটি দখলে শনিবার বিদ্রোহী এবং সরকারি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে বেশকিছু বিদ্রোহী নিহত বা আহত হয়। এছাড়া বিমান বিধ্বংসী কামানগুলো ধ্বংস করে দেয় সেনারা। এদিকে হমসেও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে রেডিওটি জানায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী দামেস্কের উপকণ্ঠে মোদামেহতে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে সেনাবাহিনী। এছাড়া ইয়ারমকে আল-কায়েদার সাথে আল-নুরা যুদ্ধে আটজন নিহত হয়েছে বলে স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে। তবে ইদলিব বিমান ঘাঁটি দখল করাকে পুরো সিরিয়া যুদ্ধের একটি বড় অর্জন হিসাবে দেখা হচ্ছে।