‘চোরাবালি’র শেষ দৃশ্যবদল!

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:০৩
বদলে যাচ্ছে চোরাবালি ছায়াছবির শেষ দৃশ্য। জেল থেকে হাসিমুখে বেরিয়ে এসেছে ইন্দ্রনীল সেনগুপ্ত। নবনী জয়া আহসানের হাতে ফুল। মুখে হাসি। এইখানটাতেই পর্দা উঠেছিল এ সময়ের সবচেয়ে আলোচিত ব্যবসা সফল ছবি ‘চোরাবালি’র। কিন্তু এবারে পাল্টে যাচ্ছে ছবির সমাপ্তি। তার প্রথম ছবির শেষ দৃশ্যটাকে আরও চমকপ্রদভাবে হাজির করতে চাইছেন পরিচালক রেদওয়ান রনি। রনি বলছিলেন, ‘শুরু থেকেই ‘চোরাবালি’ ছবির অন্য একটি সমাপ্তি আমার মাথায় ছিল। শেষ মুহূর্তের কিছু কারিগরি জটিলতার কারণে সেই সমাপ্তিটি সংযুক্ত করা যায়নি। এবারে দর্শকদের জন্য এটি নতুন চমক হিসেবে থাকছে। চমকটা দর্শক এখন থেকেই হলে গিয়ে উপভোগ করতে পারবেন। প্রযোজক সালেহীন স্বপন ‘চোরাবালি’র এই নতুন ‘শেষ’কে দেখছেন একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে। তিনি বলছিলেন, বাইরের দুনিয়ায় ছবি মুক্তির বেশ কিছুদিন পর দর্শকরা ‘ডিরেক্টর’স কাট’ সংস্করণ উপভোগের সুযোগ পান। নতুন ‘চোরাবালি’ হবে ‘ডিরেক্টরস কাট’ সংস্করণ। সংশ্লিষ্ট বিভাগের অনুমতি সাপেক্ষেই দর্শকরা এই নতুন সংস্করণটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। ‘চোরাবালি’ প্রদর্শিত হচ্ছে সারা দেশে ১৬টি প্রেক্ষাগৃহে।