চালককে খুন করে মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মাইক্রোবাস। গ্রেফতারকৃতরা হচ্ছে:ওমর ফারুক, কবির হোসেন ও মেহেদী হাসান।
মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি মশিউর রহমান বলেন, গ্রেফতারকৃতরা গত বৃহস্পতিবার ফেনী থেকে ঢাকায় আসার কথা বলে মাইক্রোবাসটি ভাড়া করে। পথিমধ্যে চালক আবুল কালামকে (৫২) শ্বাসরোধে হত্যা করে। লাশ রাস্তার পাশে ফেলে দেয়। শুক্রবার ঐ মাইক্রোবাস নিয়ে ছিনতাই করার সময় গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অপরদিকে তিন লাখ টাকার ডিম ছিনতাইয়ের ঘটনায় পুলিশ পুরনো ঢাকার চকবাজার এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ডিম। তেজগাঁও থানা পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ডিম ভর্তি পিকআপ ভ্যান তেজগাঁও এলাকা থেকে ছিনতাই হয়।
