সিলেট রয়্যালস এর অধিনায়ক মুশফিকুর রহিম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে নিজের দল নিয়ে কিছুটা হলেও হতাশ। তিনি বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও টিনো বেস্টকে পুরো টুর্নামেন্টে না পাওয়ায় পুরোপুরি ভারসাম্যপূর্ণ হয়নি দল। ওই দু’জনের ভালো বিকল্পও মেলেনি এখনো। তবে চেষ্টা চলছে।
মুশফিক এও বলেছেন, তার হাতে যে দল রয়েছে তারা অত্যন্ত পরিশ্রমী ও প্রতিভাবান। নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে তারা সিলেট রয়্যালসকে জেতানোর জন্য মাঠে নামবেন। চেষ্টার কোন কমতি থাকবে না। দু’দিনের সফরে সিলেটে এসে গতকাল রবিবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মুশফিক এসব কথা বলেন।
মুশফিক বলেন, গত বছর সিলেট দল বেশ শক্তিশালী ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা বেশি ম্যাচ জিততে পারেনি। তাই এবার সিলেটবাসীর প্রত্যাশা পূরণে বর্তমান দল মনেপ্রাণে লড়বে। তিনি আরো বলেন, টি-টুয়েন্টি ক্রিকেটে যে কোন দিন যে কোন দল হারতে বা জিততে পারে। তাই কাগজে-কলমে কোন কোন দল শক্তিশালী হলেও মাঠেই হবে আসল পরীক্ষা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল দল কাগজে কলমে অত্যন্ত ভারসাম্যপূর্ণ। দলের জয়-পরাজয়ে সিলেটবাসীকে পাশে থাকারও অনুরোধ জানিয়েছেন তিনি।
নগরীর নাইওরপুলের একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে দলের খেলোয়াড় সোহাগ গাজী, মমিনুল হক, নাদিফ চৌধুরী, বিশ্বনাথ হালদার, নাজমুল হোসেন, নাজমুল হোসেন মিলন, জুপিটার ঘোষ, ইমতিয়াজ হোসেন তান্না, কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন, ম্যানেজার তানজিব আহসান সাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট রয়্যালস দল গত শনিবার সিলেটে এসে হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরান (রহঃ) এর মাজার জিয়ারত শেষে রাতে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে।
