ভারতের নতুন দিল্লীতে আজ সোমবার থেকে শুরু হচ্ছে হকি ইন্ডিয়া লিগ (এইচআইএল)। মূলত টি-টোয়েন্টিভিত্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো করে আয়োজিত হচ্ছে এইচআইএল। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন (এফআইএইচ) চার সপ্তাহের এ লিগটি আয়োজনের অনুমতি দিয়েছে। প্রতিটি দলে ১০ জন করে বিদেশি এবং ১৪ জন ভারতীয় খেলোয়াড়কে রাখা হয়েছে। প্রতিটি খেলা টেলিভিশনে সম্প্রচারিত হবে। হকি লিগটিতে খেলার জন্য পাকিস্তানের নয় খেলোয়াড় ভিসা পেয়েছেন। পাকিস্তানী খেলোয়াড়দের শুক্রবার এই ভিসা দেয় ভারত। প্রাথমিকভাবে বলা হয়েছিল ভারত এই খেলোয়াড়দের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে যে তারা কখনোই চ্যাম্পিয়নশিপের জন্য খেলোয়াড়দের বঞ্চিত করেনি। পাকিস্তানের ডন পত্রিকা জানায় ভারতীয় দূতাবাস বলেছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাসপোর্ট পেতে দেরী হওয়াতেই এই বিলম্ব ঘটে।
পাকিস্তানী খেলোয়াড়রা হলেন মোহাম্মদ ইরফান, ইমরান বাট, রিজওয়ান জুনিয়র, রশিদ মেহমুদ, ফরিদ আহমেদ, মোহাম্মদ তৌসিক, শাফকাত রসুল, রশিদ শাহ ও রিজওয়ান সিনিয়র।
মূলত ভারতের পাঁচটি শহরভিত্তিক দল দিল্লী ওয়েভরাইডার্স, জয়পি পাঞ্জাব ওয়ারিয়র্স, উত্তর প্রদেশ উইজার্ডস, মুম্বাই ম্যাজিশিয়ানস ও রাচি রাইনোসকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিতে আয়োজিত হচ্ছে ৩৪ ম্যাচের এই লিগ। এতে বিশ্ব হকির শীর্ষস্থানীয় খেলোয়াড়দের দেখা যাবে।
সাম্প্রতিক সময়ে খারাপ ফলের কারণে সমর্থক হারাতে শুরু করে ভারতীয় হকি। পরিস্থিতি কতটা খারাপ হয়েছে তা বোঝা যায় ১৯৮০ সালে মস্কোতে আটটি অলিম্পিক সোনার সর্বশেষটি জেতা ভারত ২০০৮ সালে বেজিং গেমসে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। লন্ডন অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেও দেশটি শেষ করে সর্বনিম্ন স্থান পেয়ে। এরকম পরিস্থিতির মধ্যেই গেল মাসে নতুন দিল্লীতে এইচআইএলের জন্য খেলোয়াড়দের নিলাম হয়। ক্রিকেট পাগল ভারতের গণমাধ্যমেও বিষয়টি গুরুত্ব দিয়ে ছাপা হয়।
ভারতীয় অধিনায়ক সর্দার সিংকে ৭৮ হাজার ডলারে কিনে নেয় দিল্লীর দলটি। ২০১২ সালে এফআইএইচের বর্ষসেরা খেলোয়াড় মরিটজ ফুয়েরস্টেকে কিনে নেয় রাচি রাইনোস। জার্মানিকে বেজিং ও লন্ডনে টানা অলিম্পিক সোনা জেতানো এই খেলোয়াড়ের দাম উঠেছে ৭৫ হাজার ডলার। বর্ষিয়ান ডাচ টেউন ডে নুইজকে কিনেছে উত্তর প্রদেশ উইজার্ড। ৩৬ বছর বয়সী খেলোয়াড়টির দাম উঠেছে ৬৬ হাজার ডলার। পাঞ্জাব ওয়ারিয়র্সে ৬০ হাজার ডলারে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জ্যামি ডায়ার। মুম্বাই ম্যাজিশিয়ানসে তারকা খেলোয়াড়দের মধ্যে আছে ভারতীয় ডিফেন্ডার সন্দিপ সিং ও জাতীয় দলের গোলরক্ষক পিআর শ্রীজেস। সর্দার, সন্দীপ, ফুয়েরস্টে, ডে নুইজের ও ডায়ার নিজ নিজ দলের সর্বাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিবেচনায় নিলামের দলের বাইরেও অর্থ পাবেন। নুইজের মনে করেন এই লিগটি বিশ্ব হকিকেই বদলে দেবে। তিনি বলেন, ‘এই লিগটি শুধু ভারতের জন্যই নয়, সারা বিশ্ব জুড়ে খেলাটিতে পরিবর্তন বয়ে আনবে। ফিল্ড হকির ভাবমূর্তি বদলের জন্য এরকম একটা লিগের দরকার ছিল। পাঁচবারের বিশ্ব সেরা ডায়ার জানিয়েছেন শেষ পর্যন্ত হকিতে যে অর্থ আসছে এতে তিনি আনন্দিত। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ৩৩ বছর বয়সী খেলোয়াড়টি বলেন, ‘এক মাসের হকির জন্য আমি এ পর্যন্ত যেসব প্রস্তাব পেয়েছি তাতে এটাই হলো সেরা।’
