শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের সকল কোমলমতি শিক্ষার্থীকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও দক্ষ করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
শিক্ষামন্ত্রী গত শনিবার সিলেটে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৪২তম শীতকালীন ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য বছরে দুটি বৃহত্ ক্রীড়া আসর আয়োজিত হচ্ছে। আগে এ ক্রীড়া আসরে শুধু ছাত্রদেরই অংশগ্রহণের সুযোগ ছিল। বর্তমান সরকার সকল শিক্ষা বোর্ডের সম্মিলিত প্রচেষ্টায় ছাত্রীদেরও অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে।
তিনি জানান, খেলাধুলায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হবে, সেগুলোকে স্থান নির্ধারণ করে ২৫, ২০ ও ১৫ হাজার টাকা করে পুরস্কার দেয়া হবে।
সিলেট জেলা স্টেডিয়ামে অত্যন্ত আনন্দঘন ও উত্সব মুখর পরিবেশে এবং পৌষের প্রচণ্ড শীত সাথে নিয়ে শুরু হয় পাচদিনব্যাপী জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া আসর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দা জেবুন্নেছা হক এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এস মাহমুদ, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার গৌতম কুমার ঘোষ ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুস ছালাম হাওলাদার। মাউসির মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তোফাজ্জল হোসেন।
এদিকে প্রতিযোগিতার প্রথম দিনে অ্যাথলেটিক্স এর সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট বালক বড় গ্রুপের ১০০ মিটার স্পিন্টে সুনামগঞ্জ জেলার জয়নগর বাজার হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. শহিদুর রহমান দ্রুততম ছাত্র হওয়ার গৌরব অর্জন করেন। এই ইভেন্টে যশোর জেলার আল-হেলাল ইসলামী একাডেমীর ছাত্র জাকারিয়া ইসলাম এবং ময়মনসিংহ জেলার কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্কুলের ছাত্র মো. নাসিরুল ইসলাম যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান পান। এছাড়া বালক বড় গ্রুপের ৪০০ মিটার স্পিন্টেও দ্রুততম ছাত্র শহিদুর রহমান তার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রেখে ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপের সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে। সে তার আর এক প্রিয় ইভেন্ট ২০০ মিটার স্পিন্টেও পদক জয়ের স্বপ্ন দেখছে। ৪০০ মিটার ইভেন্টের অন্য দুই পদক বিজয়ীরা হলেন ময়মনসিংহ জেলার গফরগাঁও ইসলামীয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র বুরহান উদ্দিন ও আল-হেলাল ইসলামীয়া একাডেমীর ছাত্র জাকারিয়া ইসলাম।
এদিকে গেমসগুলোর মধ্যে বাস্কেটবলে ঢাকার সেন্ট গ্রেগোরী স্কুল শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। গতকাল তারা চির প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম সেন্ট প্লাসিড স্কুলকে বড় ব্যবধানে হারায়। হকিতে শিরোপা অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল। গতকাল প্রথম ম্যাচে পরাজিত করে ঢাকার আরমানী টুলা সরকারি হাই স্কুলকে। হকির অপর ম্যাচে খুলনার নৌবাহিনী স্কুল ৩-০ গোলে হারায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুলকে।
ক্রিকেট ছাত্র গ্রুপে নারায়ণগঞ্জ জেলার পাগলা উচ্চ বিদ্যালয় দুই উইকেটে পরাজিত করে কুমিল্লার রেসিডেন্সিয়াল স্কুল দলকে। ভলিবল ছাত্র গ্রুপে কুমিল্লা জেলার শিমপুর উচ্চ বিদ্যালয় এবং ছাত্রী গ্রুপে মাগুরা জেলার পাটোখালী সম্মীলনী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। তারা উভয়ে একটি করে ম্যাচে জয়ী হয়।
টেবিল টেনিস দ্বৈত ও এককে কুমিল্লা ক্যান্টনমেন্ট ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ এবং ঢাকার লালবাগ মডেল স্কুল ও কলেজ প্রতিপক্ষ দলের বিরুদ্ধে জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে।
ব্যাটমিন্টন ছাত্র গ্রুপে সিলেট জেলার মঙ্গলচন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয়, ছাত্রী গ্রুপে খুলনা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় স্ব স্ব খেলায় জয় পেয়েছে।
গত দু’দিনে অ্যাথলেটিক্সে ১৮টি ইভেন্ট এবং গেমস এ ২৯টি ম্যাচের নিষ্পত্তি হয়। আজ সকাল ৯টা থেকে গেমস এবং দুপুর ২টা থেকে অ্যাথলেটিক্স শুরু হবে। সকল প্রতিযোগীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
