ভারতের দিল্লীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা উত্সবে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ১২তম স্থান পেয়ে শেষ করেছে খেলা। নিয়াজ ১০ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে ১২তম স্থান পান। গতকাল দিল্লীতে অনুষ্ঠিত দশম রাউন্ডের খেলায় নিয়াজ কালো নিয়ে ভারতের আন্তর্জাতিক মাস্টার অদিত্য উদসীর সাথে ড্র করেন। এ প্রতিযোগিতায় নিয়াজের রেটিং ৬.৫ বৃদ্ধি পাবে। নিয়াজ বিশ হাজার ভারতীয় রুপি অর্থ পুরস্কার পাচ্ছেন। বেলারুশের গ্র্যান্ড মাস্টার আলেকজান্ডরভ আলেকসিজ আট পয়েন্ট পেয়ে দাবা উত্সবে চ্যাম্পিয়ন হয়েছেন। ১০ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১১টি দেশের ১৭জন গ্র্যান্ড মাস্টার, চারজন মহিলা গ্র্যান্ডমাস্টার এবং ২৭জন আন্তর্জাতিক মাস্টারসহ ১০৫ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
