মহিলা ফুটবলে এবার বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়া হয়েছে। গতকাল বাফুফের মহিলা ফুটবল কমিটি ক্লাবগুলোর সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে বিদেশি ফুটবলার খেলবে মহিলা লিগে। প্রতিটি ক্লাব তিনজন করে বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করাতে পারবে। আর বাংলাদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করাতে পারবে ২২ জন। ২৫ জানুিয়ারির মধ্যে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন করতে হবে। তবে দলবদলে ক্লাবগুলোর জন্য খেলোয়াড়দের কোটা থাকছে না। প্রত্যেকটি ক্লাবকে ফেডারেশন থেকে আর্থিক অনুদান এবং ফুটবল দেয়ার কথা জানিয়েছে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে খেলা শুরু হবে বলে জানা গেছে। তবে এখনও অংশগ্রহণ নিশ্চিত করেনি বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। জানা গেছে,চ্যাম্পিয়ন দল ছাড়াই লিগ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে মহিলা লিগ কমিটি। নাম এন্ট্রি করেছে আট দল। দুই গ্রুপে খেলা হবে। দলগুলো হচ্ছে বর্তমান রানার্সআপ মোহামেডান, আবাহনী, সকার ক্লাব ফেনী, আরামবাগ, দিপালী যুব সংঘ, যাত্রাবাড়ি ক্রীড়া চক্র, ইয়ংমেন্স ক্লাব এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। মহিলা ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু, ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাফুফে ভবনে অনুষ্ঠিত সভায়। ক্লাব প্রতিনিধিদের মধ্যে ছিলেন নাজমা শামীম (আবাহনী), জাহিদুল ইসলাম খোকন (আরামবাগ), মানস বোস বাবু রাম (ফরাশগঞ্জ), মোহাম্মদ আমির (দিপালী যুব সংঘ), নাসরিন আক্তার বেবী (যাত্রাবাড়ী ক্রীড়া চক্র)।
