চলে গেলেন ‘গরীবের সোবার্স’

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৪৯
ভারতের হয়ে টেস্ট খেলেছেন, ভারতের ঐতিহাসিক ‘নিউজিল্যান্ড জয়’-এর রূপকার ছিলেন, কুইন্সল্যান্ডের হয়ে খেলেছেন শেষ জীবনে। কিন্তু এর কোনোটাই হয়; তার পরিচয় ছিল—গরীবের গ্যারি সোবার্স! গতকাল মুম্বাইয়ের এক হাসপাতালে ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘গরীবের সোবার্স’ ডাক নামের ভারতীয় সেই টেস্ট ক্রিকেটার রুসি শ্রুতি। অস্ট্রেলিয়া প্রবাসী হয়ে যাওয়া শ্রুতি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয় এবং কিছুক্ষণ পরেই মারা যান তিনি। নবাব মনসুর আলী খান পতৌদির দলের হয়ে ২৬ টেস্ট খেলা শ্রুতি ছিলেন সোবার্সের মতোই অলরাউন্ডার। সোবার্সের মতো সর্বকালের সেরাদের একজন তো দূরে থাক, গ্রেটও হয়ে ওঠা হয়নি তার। কিন্তু সেই ষাট ও সত্তরের দশকে বৈশ্বিক বিবেচনায় দুর্বল দল ভারতের হয়ে অসাধারণ কার্যকর ছিলেন তিনি। বিশেষ করে ১৯৬৭-৬৮ মৌসুমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে জোড়া সফরে তিনি ছিলেন দলের সেরা খেলোয়াড়। অস্ট্রেলিয়ার সঙ্গে হোয়াইটওয়াশ হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ ও সিরিজ জয়ের প্রধান নায়ক ছিলেন শ্রুতি। মাত্র ২৬টি টেস্ট খেলার পর নিয়মিত হয়ে পড়েন অস্ট্রেলিয়ায়। সেখানেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে খেলাও শুরু করেন কুইন্সল্যান্ডের হয়ে। গুজরাটের হয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ার শুরু করা শ্রুতি শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন কুইন্সল্যান্ডের হয়ে।