বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ সোমবার থেকে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় প্রিমিয়াম ব্যাংকের ২১টি শাখায় বিপিএলের টিকিট বিক্রি হবে। প্রাথমিকভাবে প্রাইম ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রির পরিকল্পনা থাকলেও এই ব্যাংকটি বিপিএলের টাইটেল স্পন্সর হওয়ায় টিকিট বিক্রির পার্টনার হতে পারেনি তারা। নাম প্রকাশে অনিচ্ছুক টিকিটের স্বত্ব পাওয়া অ্যাকটিভ সার্ভিসেসের একজন কর্মকর্তা গতকাল রবিবার ইত্তেফাককে বলেন, ‘বিপিএলের টিকিট বিক্রির পার্টনার খুঁজতে আমাদের প্রচুর সমস্যা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রচার কম হওয়ায় কোন ব্যাংক বিশ্বাসই করতে চায়নি আদৌ বিপিএল হবে কিনা। অবশেষে কাল (শনিবার) আমাদেরকে প্রিমিয়াম ব্যাংক নিশ্চিত করেছে’।
একজন দর্শক প্রতিটি ম্যাচের দুটি করে বিপিএলের সব ম্যাচের টিকিট কিনতে পারবে। ছাত্র ও এয়ারটেল গ্রাহকরা টিকিটের মূল্য থেকে শতকরা ৩০ ভাগ কম দিয়ে কিনতে পারবেন। এছাড়া অনলাইনেও বিপিএলের টিকিট পাওয়া যাবে। ইতোমধ্যে গত শনিবার থেকে অনলাইনে বিপিএলের টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছে অ্যাকটিভ সার্ভিসেস প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, বিপিএলের টিকিটের সর্বনিম্ন দর সাধারণ গ্যালারি ৩০০ টাকা। সর্বোচ্চ ১৫ হাজার টাকা। যে কোন দর্শক ব্যাংকের মাধ্যমে হসপিটালিটি বক্সেরও টিকিট কিনতে পারবে।
ইতিমধ্যে বিপিএল নিয়ে যেসব শঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে বেশ ঝামেলায় আছে টিকিট বিক্রির স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানটি। অ্যাকটিভ সার্ভিসেসের কর্মকর্তা বলেন, ‘অনেকে আমাদেরকে টেলিফোন করে জানতে চেয়েছে বিপিএল কি সময়মত শুরু হবে কিনা। তবে বিপিএল সময়মত হোক কিংবা না হোক আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব’।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তানী খেলোয়াড় ছাড়বে কিনা তা এখনো জানতে পারেনি বিসিবি। তারপরও বিপিএল নিয়ে কোনো শঙ্কাকে পাত্তা দিচ্ছে না আয়োজক কমিটি। বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ডা: আই এইচ মল্লিক বলেন, ‘পিসিবি পাকিস্তানী খেলোয়াড়দের দিবে কিনা আমাদেরকে কিছুই জানায়নি। তবে আমরা এখনো আশাবাদী তারা ঢাকায় আসবে। এবং সময়মত বিপিএল শুরুও হবে’।
বিপিএল শুরু নিয়েই শুধু জটিলতা নয়, উদ্বোধন অনুষ্ঠানে কারা থাকছে তা নিয়েও শংকায় রয়েছে ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান গেম অন স্পোর্টস। গেম অন স্পোর্টসের পরিচালক কাস্তুভ লাহিরিকে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা সম্বন্ধে জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি। বিপিএল শুরু হতে মাত্র তিনদিন বাকি, অথচ প্রচার নিয়ে বিসিবি প্রায় নিশ্চুপ।
প্রিমিয়ার ব্যাংকের যেসব শাখা থেকে বিপিএলের টিকিট পাওয়া যাবে:
ঢাকা-উত্তরা, টঙ্গী, মিরপুর রোকেয়া সরণী, কলাবাগান, রামপুরা, নবাবপুর রোড, পান্থপথ, আশকোনা, গুলশান সার্কেল-২, শ্যামলী, দিলকুশা, বসুন্ধরা আবাসিক এলাকা, নিউমার্কেট, ধানমন্ডি সাতমসজিদ রোড, কারওয়ান বাজার, মৌচাক ও মোহাম্মদপুর শাখা।
চট্টগ্রাম- ও আর নিজাম রোড, আগ্রাবাদ ও পাহাড়তলী শাখা।
খুলনা- খুলনা শাখা।
