ফিরলেন আইয়ুব বাচ্চু

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:০১
গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু শারীরিকভাবে মাসখানেক অসুস্থ থাকার পর গতকাল ফিরলেন কর্মজগতে। এই দীর্ঘ বিরতির পর গতকাল থেকে আইয়ুব বাচ্চু নতুন একটি অনুষ্ঠানের বিচারক হিসেবে যুক্ত হয়েছেন। রিয়েলিটি শো ‘বাংলাদেশ আইডল’-এর বিচারকের দায়িত্বের কথা জানাতেই গতকাল এক সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। আইয়ুব বাচ্চু বলেন, ‘আসলে ভক্তরা বা আমার শুভাকাঙ্ক্ষীরা যতটা ভাবছে ঠিক ততটা অসুস্থ আমি হইনি, একটু অসুস্থ ছিলাম, তেমন কিছুই না। তবে ডাক্তার যেহেতু বলেছে বিশ্রাম নিতে সেই কারণেই বিশ্রাম নিয়েছি। এইতো আবার শুরু হয়ে গেল আমার কর্মব্যস্ত জীবন।’ উল্লেখ্য, বাংলাদেশ আইডল অনুষ্ঠানটি প্রচার হবে এসএ টিভিতে। এই অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব আইয়ুব বাচ্চুসহ আরও রয়েছেন এন্ড্রু কিশোর, ফেরদৌসী রহমান ও মেহরীন। অন্যদিকে এন্ড্রু কিশোর এই অনুষ্ঠানের মধ্য দিয়েই বাংলাদেশের কোনো রিয়েলিটি শো’র বিচারকের দায়িত্ব প্রথমবারের মতো পালন করতে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় ফেব্রুয়ারি থেকে ‘বাংলাদেশি আইডল’-এর অডিশন পর্ব শুরু হবে। ১৮ থেকে ২৮ বছর বয়সী বাংলাদেশি নাগরিক এতে অংশগ্রহণ করতে পারবেন। সারাদেশে এর অডিশন পর্ব চলবে।