একুশে টেলিভিশনের প্রযোজনায় দীপু হাজরা নির্মাণ করতে যাচ্ছেন ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘থ্রি কমরেডস’। এটি তার জন্য প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ। এর পূর্বে তিনি ১৪টি খণ্ড নাটক ও ১টি টেলিফিল্ম নির্মাণ করেন। যা একুশে টেলিভিশনে প্রচারিত হয়েছে। ‘থ্রি কমরেডস’ ধারাবাহিক নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—হাসান মাসুদ, অহনা, আদনান ফারুক হিল্লোল, সীমানা, শাহরিয়ার নাজিম জয়, নওশীন, শামস সুমন, ফারজানা চুমকি, মাসুদ রানা মিঠু, সুমনা সোমা, ড. ইনামুল হক, তন্দ্রাসহ আরও অনেকে। আগামীকাল থেকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির প্রথম লটের শুটিং চলবে।
দীপু হাজরা বলেন, ‘কমেডি ধাঁচের এ গল্পটি গড়ে উঠেছে একটি মেস বাড়িকে কেন্দ্র করে। এই নাটকের প্রতিটি চরিত্রই আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে অভিনয় করবে।’
