পারিশ্রমিক নিয়ে ভুগেছেন সাকিবও!

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে মাত্র দুইদিন বাকি। অথচ প্রথম বিপিএল আসরের পাওনা এখনো অনেক খেলোয়াড়ের পরিশোধ হয়নি। এমনকি বিপিএলের দ্বিতীয় আসর শুরুর আগে যে অর্থ পাওয়ার কথা, খেলোয়াড়রা সেটা এখনো পায়নি। গতকাল সোমবার ঢাকা গ্ল্যাডিয়েটরসের অনুশীলনের পর দলের অন্যতম খেলোয়াড় সাকিব আল হাসানও স্বীকার করেছেন তা, ‘বিপিএলের দ্বিতীয় আসরের আগে শুরুতে যে টাকা পাওয়ার কথা সেটা এখনো পায়নি’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হস্তক্ষেপে বিপিএলের দ্বিতীয় আসরের শুরুতে শতকরা ২৫ ভাগ, টুর্নামেন্ট মাঝ পথে শতকরা ২৫ ভাগ এবং বাকি টাকা টুর্নামেন্ট শেষের ছয় মাসের মধ্যে পরিশোধ করবে ফ্রাঞ্চাইজিরা; কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক দুইদিন বাকি থাকলেও এখন পর্যন্ত খেলোয়াড়দের কোনো টাকা দেয়া হয়নি। ফ্রাঞ্চাইজিদের দাবি, প্রথম বিপিএলের পাওনাও পরিশোধ করেছে তারা; কিন্তু খেলোয়াড়রাই দাবি করেছে অনেকে পুরো টাকা পাননি। পাওনা বাকি রেখেই দ্বিতীয় বিপিএল খেলবে খেলোয়াড়রা। এর প্রভাব মাঠেও পড়তে পারে বলে অনেকে ধারণা করছেন। তবে সাকিব মাঠের প্রভাব উড়িয়ে দিয়ে বললেন, ‘আমি মনে করি না মাঠে এর প্রভাব পড়বে। তবে যারা টাকা পায়নি, তারা পেয়ে গেলে ভালো। আমি নিজেও ভুক্তভোগী ছিলাম। আসলে এখন কিছুই করার নেই। চাইব যারা টাকা পায়নি তারা দ্রুত সেটা পেয়ে যাক’। বিপিএলের দ্বিতীয় আসর শুরু থেকে খেলোয়াড়দের পাওনা ছাড়াও পাকিস্তানী খেলোয়াড় আসা না আসা প্রসংগে মাঠের বাইরে বেশ বিতর্ক ছড়াচ্ছে। এসব বিতর্কের কারণে মাঠের বিপিএলও প্রভাব পড়তে পারে। সাকিব অবশ্য এসব বিতর্ককে উড়িয়ে দিয়ে জানালেন, তার খেলা শুধু মাঠে, ‘মাঠের বাইরে কি হচ্ছে এসব বিষয়ে আমি কিছুই জানি না’। পাকিস্তানী খেলোয়াড় ছাড়াও বিদেশি অনেক তারকা এবার বিপিএলে আসছে না। কথা উঠেছে তাদের অনুপস্থিতিতে এবারের আসর জৌলুস হারাবে। বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার উল্টো প্রশ্ন করেন, ‘দেশি যারা রয়েছি তারা কি তারকা নয়? তারা না এলেও বিপিএল জমবে। তাছাড়া গত আসরের তুলনায় খুব বেশি পরিবর্তন তাও নয়। ক্রিস গেইল আসছে না; কিন্তু বাকিরা তো ঠিকই আসছে’। বিপিএলের পরই শ্রীলংকা সফর করবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলতে গিয়ে কতটা উপকারে আসবে জাতীয় দলের। সাকিব অবশ্য উপকারের কথাটি বললেন। গত এশিয়া কাপের উদাহরণ টেনে তিনি বলেন, ‘গত এশিয়া কাপের আগেও বিপিএল খেলেছি। এর কারণে আমরা এশিয়া কাপে ভালো খেলেছি। আমার মনে হয়, এবারো বিপিএল খেলে শ্রীলংকায় ভালো খেলবো’।