ব্যালন ডি‘অর জয়ী লিওনেল মেসির গোলে অনুপ্রাণিত হয়ে আবারো জ্বলে উঠল বার্সেলোনা। গত রবিবার লা লিগায় স্বাগতিক মালাগাকে ৩-১ গোলের ব্যবধানে হারায় স্পেনের দুর্বার দলটি। এই জয়ে লিগ শিরোপা নিজেদের করে নেয়ার দাবিটা আরো শক্ত করল বার্সা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ক্যাটালনরা এখন ১১ এবং চিরপ্রতিদ্বন্দ্বী এবং লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ থেকে ১৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে।
মেসি ২৭ মিনিটে দলের উদ্বোধনী গোলটি করেন। অপর দুইটি গোল এসেছে সেসক ফ্রাবেগাস এবং থিয়াগো আলকান্টারার কাছ থেকে। এই দুইটি গোলের পেছনে অবদান রয়েছে আজেন্টিনার খুদে জাদুকর মেসির। লিগে টানা নয় ম্যাচে গোল করলেন মেসি। বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদোর ১৯৯৬-৯৭ মৌসুমে টানা দশ ম্যাচে গোলের রেকর্ডের চেয়ে মাত্র এক ধাপ পিছিয়ে আছেন মেসি।
মেসির স্বদেশি প্রতিপক্ষ মালাগার দিয়েগো বুয়োনানোটে ফ্রি-কিক থেকে মালাগাকে গোল এনে দেন ৮৯ মিনিটে। লিগে মেসির এটি ২৮তম গোল ১৯ ম্যাচে। চলতি মৌসুমে বার্সেলোনা ১৯ ম্যাচের ১৮টিতে জয় পেল। অপর একটি ম্যাচ তারা রিয়ালের সাথে ড্র করে দুই পয়েন্ট খুইয়েছে। ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে এখন বার্সেলোনা। ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ এবং হোসে মরিনহোর দল মাদ্রিদ ৩৭ পয়েন্ট নিয়ে তিনে। রিয়াল মাদ্রিদ গত শনিবার ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল।
অ্যাতলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে দশ ম্যাচের দশটিতেই জিতল। রবিবার তারা রিয়াল জারাগোজার বিপক্ষে ২-০ গোলে জয় পায়।
পর্তুগালের মিডফিল্ডার তিয়াগো কার্ডোসো ৩১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। অ্যাতলেটিকোর কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাও সাত মিনিট বাদেই পেনাল্টি থেকে আরো একবার গোল করেন। লিগে ফ্যালকাওয়ের এটি ১৮তম গোল। মেসির পেছনেই অবস্থান করছেন।
বার্সেলোনা লিগের মধ্যবর্তীকালীন সময় পার করল রেকর্ড জয় ও পয়েন্ট অর্জন করে। ১৯ ম্যাচের প্রতি জিতলে তো বার্সার পয়েন্ট হয়ে যেতো ৫৭! তবুও ৫৫ পয়েন্টই বা কম কিসের। কোনো হার নেই। লা লিগা মানেই জয় বার্সেলোনার, যেন এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
লেভান্তের বিপক্ষে নিজেদের মাটিতে ২-০ গোলের জয় নিয়ে মালাগাকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে রিয়াল বেটিস। এছাড়া ৩০ মিনিটেরও বেশি সময় দশজনের দল নিয়ে খেলে রিয়াল সোসিদাদের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ডিপোর্তিভো লা করুনা।
রবিবারের ফলাফল
রিয়াল বেটিস ২ লেভান্তে ০
রিয়াল সোসিদাদ ১ ডিপোর্টিভো লা করুনা ১
অ্যাতলেটিকো মাদ্রিদ ২ রিয়াল জারাগোজা ০
মালাগা ১ বার্সেলোনা ৩
