বাংলাদেশ দলের শ্রীলংকা ও জিম্বাবুয়ে সফরের অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকুর রহিম অধিনায়ক ও মাহমুদুল্লাহ রিয়াদ সহ-অধিনায়ক হিসেবে এই দুটি সফরে জাতীয় দলকে নেতৃত্ব দিবেন। গতকাল সোমবার বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়েষ্ট ইন্ডিজ সফর পর্যন্ত মুশফিক ও রিয়াদ বাংলাদেশ দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক মনোনীত হয়েছিলেন। কাল বোর্ডসভায় তাদের পারফর্মেন্স মূল্যায়ন করে নতুন করে এই দুইজনের উপর দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডসভায় আরো সিদ্ধান্ত হয়, গেম ডেভেলপম্যান্ট কোচদের মেয়াদ আরো তিনমাস বাড়ানো হয়েছে। বিসিবির চুক্তিবদ্ধ আম্পায়ারদের মেয়াদও তিনমাস বাড়ানো হয়েছে। এছাড়া মহিলা বিভাগের শ্রীলংকান কোচ ওসে প্রিয়ারাজ ভিরাসিংয়ের মেয়াদও আরো ছয়মাস বাড়ানো হয়েছে। মহিলা ক্রিকেট দলের এই কোচের মেয়াদ আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ছিল। বর্তমানে তিনি ছুটি কাটাতে পরিবারের সাথে শ্রীলংকায় রয়েছেন।
