বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকায় নতুন চারজন ক্রিকেটার ঠাঁই পেয়েছেন। চুক্তিবদ্ধ ১৫ জন খেলোয়াড়ের মধ্যে চারজন খেলোয়াড় বাদ পড়েছেন। বিসিবির নতুন চুক্তিবদ্ধ চার খেলোয়াড় হলেন—পেসার আবুল হাসান রাজু, অফস্পিনার সোহাগ গাজী, ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং অলরাউন্ডার মোমিনুল হক। এদের জায়গা করে দিতে চুক্তি থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, শুভগত হোম, নাজমুল হাসান ও নাজিমুদ্দিন।
চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে এ প্লাস গ্রেডে রয়েছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক ও মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ এ গ্রেডে ছিলেন। তবে এবার তাকে এ প্লাস গ্রেডে রাখা হয়েছে।
বি গ্রেডে রাখা হয়েছে রুবেল হোসেন, শফিউল ইসলাম ও নাসির হোসেনকে। সি গ্রেডে রাখা হয়েছে জহুরুল ইসলাম ও ইলিয়াস সানিকে।
রুকি গ্রেডে রাখা হয়েছে নতুন করে চুক্তিবদ্ধ হওয়া সোহাগ গাজী, এনামুল হক বিজয়, আবুল হাসান ও মোমিনুল হককে। চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এ বছর থেকে শতকরা ১০ ভাগ বেতন বাড়বে। গতকাল সোমবার বিসিবির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
