অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট দেশের চারটি ভেন্যুতে শুরু হয়েছে গতকাল। রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী ভেন্যুতে চলমান খেলায় অংশ নিচ্ছে বরিশাল, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, বিকেএসপি, রাজশাহী, ঢাকা মেট্রো ও খুলনা দল। চার ভেন্যুতেই বড় দৈর্ঘ্যের ম্যাচে শুরুতেই ধ্বসে পড়েছে ব্যাটসম্যানরা; প্রথমে ব্যাট করা প্রতিটি দল অলআউট হয়েছে ২০০ রানের নিচে!
রংপুর ক্রিকেট গার্ডেনে বরিশাল টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৩৬ রানে অলআউট হয়ে যায়। আরমান ও অনিল নেন ৩টি করে উইকেট। এরপর জবাব দিতে নেমে ঢাকা উত্তরও প্রথম ইনিংসে মাত্র ৫০ রান তুলতে হারিয়েছে ৬ উইকেট। এর মধ্যে শাওন গাজী ৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামেও টসে জিতে ব্যাট করতে নেমেছিল ঢাকা দক্ষিণ। তারা প্রথম ইনিংসে ওমর ফারুকের ৪ উইকেটের দাপটে অলআউট হয়েছে ১৯৬ রানে। জবাব দিতে নেমে এক ওভারে আর কোনো উইকেট হারায়নি চট্টগ্রাম।
দিনাজপুর বড় ময়দানে টসে জিতে ব্যাট করতে নেমে বাবলা ও ফিরোজের ৩ উইকেট করে শিকারের মুখে বিকেএসপি ১৩৯ রানে অলআউট হয়। জবাবে রাজশাহী অবশ্য ভালো ব্যাট করছে। তারা সাব্বিরের অপরাজিত ৬৭ ও নাজমুলের অপরাজিত ৪১ রানে ভর করে বিনা উইকেটে ১২৪ রান তুলে ফেলেছে।
বগুড়াতেও টসে জিতে ব্যাট করতে নেমে ১৬৪ রানে অলআউট হয়েছে ঢাকা মেট্রো। খুলনার নোমান ১৪ রানে নিয়েছেন ৫ উইকেট। জবাবে খুলনা দিনশেষে ৪১ রান তুলতে হারিয়েছে তিন উইকেট।
