আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশে আবারো ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি। আন্দোলনের নামে তাদের নৈরাজ্য সৃষ্টির মূল উদ্দেশ্য এটিই। সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকুক তা তারা চায় না। যুদ্ধাপরাধী-জামায়াত বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে জনতার প্রত্যাশা ও বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদ আয়োজিত ‘যুদ্ধাপরাধের শাস্তি দেশবাসীর প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচন শন্তিপূর্ণভাবে হোক বিএনপি তা চায় না বলেই গণঅভ্যুত্থানের আস্ফাালন করছে। বিএনপির সে চিন্তা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। কারণ বিএনপিকে ক্ষমতায় এনে দেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। তাদের দুঃশাসনের কথা জনগণ এখনো ভুলে যায়নি।
কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি এমএ করিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আবাহনী লিমিটেডের পরিচালক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, জনতার প্রত্যাশার সাধারণ সম্পাদক এনামুল হক এনাম প্রমুখ।
