রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় সোমবার শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ শিবির কর্মীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার বিকাল ৪ টার দিকে বাড্ডার রহমতউল্লাহ কলেজের সামনে থেকে শিবিরের কর্মীরা মিছিল বের করে। মিছিলটি বাড্ডা লিংক রোডের কাছে যাওয়ার পর শিবির কর্মীরা রাস্তায় যানবাহনের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ মিছিলে ধাওয়া করলে শিবিরের কর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ শিবির কর্মীকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর উত্তর শিবিরে সেক্রেটারি ফয়সাল আহমেদ জানান, তারা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ৫ কর্মীকে গ্রেফতার করেছে। তবে বাড্ডা থানা পুলিশ জানায়, শিবির মিছিল বের করার পর রাস্তায় যানবাহনে হামলা চালায়। এরপর পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের বাধা পেয়ে শিবির কর্মীরা ঘটনাস্থলে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
