২২ বছর পর বাংলাদেশ ব্যাংকের নতুন শাখা উদ্বোধন আজ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২০:২১
দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ ব্যাংকের নতুন শাখা ময়মনসিংহে আজ উদ্বোধন করা হবে। গভর্নর ড. আতিউর রহমান কেন্দ্রীয় ব্যাংকের ১০তম শাখা উদ্বোধন করবেন। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বৃহত্তর ময়মনসিংহের ব্যাংকিং ব্যবস্থার তদারকি বাড়াতে এবং সহজতর করতে এ শাখাটি খোলা হচ্ছে। বর্তমানে প্রধান কার্যালয়সহ বাংলাদেশ ব্যাংকের মোট ৯টি শাখা রয়েছে। শাখাগুলো মতিঝিলের প্রধান কার্যালয়ের বাইরে ঢাকার সদরঘাট, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর এবং বগুড়ায় অবস্থিত। ময়মনসিংহে হবে দশম শাখা। বাংলাদেশ ব্যাংক আদেশ-১৯৭২ এর ক্ষমতা বলে কেন্দ্রীয় ব্যাংক এ শাখা খুলছে। সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ব্যাংক এ অঞ্চলের ব্যাংকিং ব্যবস্থা আরো কঠোরভাবে নজরদারি করতে একটি শাখা খুলতে চাচ্ছিলো। নতুন শাখা অনুমোদন পাওয়ার ফলে ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুরসহ ওই অঞ্চলের সব তফসিলি ব্যাংকের শাখা পর্যায়ে তদারকি কার্যক্রম সহজ হবে। পাশাপাশি শাখাটি উক্ত এলাকার ঋণনীতি বাস্তবায়ন এবং মুদ্রনীতির বাস্তবায়নে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একজন মহাব্যবস্থাপক (জিএম) পদ মর্যাদার কর্মকর্তা শাখাগুলোর দায়িত্বে থাকেন। তবে মতিঝিল অফিস এবং চট্টগ্রামের দায়িত্ব পালন করেন নির্বাহী পরিচালক পদ মর্যাদার দুজন কর্মকর্তা।