সারা পৃথিবীর ফুটবল ভক্তদের শুভেচ্ছা আছে তার সঙ্গে, আছে সর্বাধুনিক চিকিত্সার সুযোগ। কিন্তু এসবের কোনোটাই নয় দুরারোগ্য ক্যান্সার থেকে সেরে ওঠার জন্য টিটো ভিলানোভার কাছে সেরা ওষুধ নাকি ফুটবলই! মাঠে ফিরতে পেরেই নিজেকে সুস্থ মনে করতে থাকা ভিলানোভা কোপা ডেল রে ম্যাচের আগে বললেন, এই ফুটবলই তাকে সারিয়ে তুলছে।
পেপ গার্দিওলা বার্সেলোনা থেকে অব্যাহতি নেয়ার পর স্বল্প পরিচিত টিটো ভিলানোভা দলের দায়িত্ব নেন। বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে সফল কোচ ছিলেন পেপ। কিন্তু এরই মধ্যে এই ‘অপরিচিত’ ভিলানোভা দারুণ সুনাম অর্জন করেছেন। ছয় মাসের মধ্যে অনেক প্রাপ্তি যোগ হয়েছে বার্সেলোনার রেকর্ডের খাতায়।
ইতিমধ্যে গার্দিওলার একটি রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন ভিলানোভা। গত রবিবার লা লিগায় মালাগাকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। লা লিগা মৌসুমের মাঝামাঝিতে ১৯ ম্যাচে ১৮টিতে জয় বার্সার। সম্ভাব্য ৫৭ পয়েন্টের মধ্যে ক্যাটালনদের অর্জন ৫৫ পয়েন্ট। গার্দিওলার বার্সেলোনা দুই বছর আগে লিগের মাঝামাঝি সময়ে তুলতে পেরেছিলেন ৫২ পয়েন্ট। ভিলানোভার দল এই দুইটি পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চলতি মৌসুমে ড্র করে।
বর্তমান চ্যাম্পিয়ন বার্সা আজ বুধবার নু ক্যাম্পে লা লিগার পঞ্চম স্থানে থাকা দল মালাগার মুখোমুখি হবে কোপা ডেল রেতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। ক্যান্সারের সাথে যুদ্ধে নামা ভিলানোভার সামনে এই শিরোপাটিরও হাতছানি রয়েছে।
গত বছরের মে-তে গার্দিওলা অব্যাহতি নেন। তার অধীনে বার্সেলোনা ১৪টি শিরোপা জয় করেছে। এবার আগস্টে ভিলানোভা মৌসুম শুরুর প্রাক্কালে রিয়াল মাদ্রিদের কাছে হারিয়েছে স্প্যানিশ সুপার কাপ শিরোপা। ভিলানোভার দৃষ্টি এখন কোপা ডেল রে-এর ১৮ মে’র ফাইনাল।
স্থানীয় সংবাদ মাধ্যম ইতিমধ্যে বার্সেলোনাকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে বসে আছে। বার্সা লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ১১ পয়েন্টে এবং বর্তমান চ্যাম্পিয়ন ও তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ১৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে। কিন্তু ভিলানোভা গত রবিবার বলেন, ‘লিগ এখনো জিতে নেয়া হয়নি। আমি গণিতের ভক্ত। সামনে কঠিন সময়। কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে। আমরা অপরাজেয় নই।’
ক্যান্সারের সাথে লড়ছেন ভিলানোভা। আরো একবার অস্ত্রোপচার মানে নেতিবাচক ব্যাপার। ২০১১ সালের নভেম্বরে লালাগ্রন্থিতে টিউমার থাকায় তা অপসারণ করা হয়। বর্তমানে ৪৪ বছর বয়সী ভিলানোভার কেমোথেরাপি ও রেডিওথেরাপি চিকিত্সা চলছে। ভিলানোভা এসব ব্যাপার নিয়ে বলেন, ‘আমি ভালো আছি এবং কাজ করতে পারবো। আমার ব্যাপারটি হচ্ছে আমি ফুটবল ভালোবাসি। খেলোয়াড়দের সাথে থাকা, বলে কিক নেয়া, অনুশীলন করার চেয়ে বড় থেরাপি নেই। আমি আমার কাজের জন্য বেঁচে আছি; অসুস্থতার নয়।’
