চেলসির সামনে আজ সাউদাম্পটন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২০:২৯
দুরন্ত ফর্মে থাকলেও একটু পা ফসকালেই ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে নিজেদের তিন নম্বর জায়গাটি হারাতে হতে পারে চেলসির। আজ বুধবার সেই তিন নম্বর স্থানটি সুসংহত করতেই নিজেদের মাঠে সাউদাম্পটনের মুখোমুখি হবে চেলসি। রাফায়েলের বেনিতেজের ছোঁয়ায় ঝলসাতে থাকা ব্লুজরা গত শনিবার স্টোকসিটিকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসে। সাউদাম্পটন এই ম্যাচটিকে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখতে পারে। কারণ গত ৫ জানুয়ারি এফএ কাপের তৃতীয় রাউন্ডের খেলায় সাউদাম্পটনকে ৫-১ গোলে হারায় ব্লুজরা। আজকের এই ম্যাচটি হওয়ার কথা ছিল আসলে গত বছরের ১৫ ডিসেম্বরে। কিন্তু স্থগিত হয়ে যায় চেলসি টোকিওতে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে যাওয়ায়। সেখান থেকে চেলসি রানার্সআপ হয়ে ফিরে। এই টুর্নামেন্ট থেকে রাফা বেনিতেজ চেলসিকে নিয়ে ভাবার অবকাশ পান। প্রিমিয়ার লিগে টটেনহ্যাম চেলসির চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চারে অবস্থান করছে। চেলসি অবশ্য আন্দ্রে ভিলাস বোয়াসের দলের চেয়ে একটি ম্যাচ কমও খেলেছে । অবশ্য দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে চেলসি পিছিয়ে সাত পয়েন্ট ব্যবধানে। বেনিতেজের দল ৯ জানুয়ারি লিগ কাপে সেমিফাইনালের প্রথম লিগে সোয়ানসি সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যায় নিজেদের মাঠে। তবে ঘুরে দাঁড়ায় পরের ম্যাচে প্রিমিয়ার লিগে স্টোককে হারিয়ে। অবশ্য চেলসি দুটি আত্মঘাতী গোল পুরস্কার হিসেবে পেয়েছে স্টোকের জোনাথন ওয়ার্ল্টের ভুলে। এছাড়া চেলসির হয়ে গোল করেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এবং এডেন হ্যাজার্ড। চেলসি প্রিমিয়ার লিগে ছয় ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে এবং গোল করেছে মোট ১৮টি। সাউদাম্পটন রেলিগেশন অঞ্চল থেকে দুই পয়েন্ট ওপরে অবস্থান করছে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে। লিগে আগে ম্যাচে তারা শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে।