ইতিহাস গড়লেন চীনের উ দি

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২০:৩০
উ দি যার বাংলা করলে দাড়ায় অজেয় বা দুর্ধর্ষ। এমন নামের চীনাটি জিততে না পারলেও আন্তর্জাতিক টেনিসে একেবারেই অচেনা এই খেলোয়াড়ই কাল ইতিহাস গড়লেন মেলবোর্নে, অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে খেলতে নেমে। টেনিসের বিশ্ব র্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৮৬, শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মধ্যে এখন পর্যন্ত কারোরই মুখোমুখি হননি। তবে এসব কিছু ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন শূধুমাত্র একটি মাত্র কারনেই। চীনের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে টেনিসের সবচেয়ে মর্যাদার্পূর্ন আসর, গ্রান্ড স্লাম এককে কালই নাম লেখালেন উ। আন্তর্জাতিক টেনিস অঙ্গনে বর্তমানে চীনের ঝান্ডা বহন করা লি নার শহর উহানেই জন্ম উ দি’র। ১৭৩ সেন্টিমিটার উচ্চতার এই খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে গতকাল মুখোমুখি হয়েছিলেন ক্রোয়েশিয়ার ইভান ডডিজের। প্রথম গ্রান্ড স্লাম বলেই হয়তো কিছুটা চাপেই ছিলেন তিনি। তাই তিন ঘন্টা ১৫ মিনিটের এই ম্যাচে ৫৩ টি আনফোর্সড এরর করেন উ। ম্যাচে তাকে হারতে হয় ৭-৫,৪-৬,৬-৩,৬-৩ ব্যবধানে। তবে এই হারের চেয়ে গ্রান্ড স্লামে তার যাত্রা নিয়ে কথা বলতেই বেশী আগ্রহী মনে হল উ কে,‘যদিও আজ আমি হেরে গেছি । তবে সামনে আমি দারুন একটা ভবিষ্যত দেখতে পাচ্ছি। তাই অবশ্যই আমি চেষ্টা চালিয়ে যাবো যেন পরের বার আরও ভাল খেলা উপহার দিতে পারি।’ তার সম্পর্কে প্রশংসা ঝরে পড়েছে স্বয়ং উ যাকে আদর্শ মানছেন সেই লেটন হিউয়িটের কণ্ঠেও,‘সে দারুন একজন খেলোয়াড়। সে বেশ জোড়েই বলে আঘাত করতে পারে। আমার মনে হয় তার কিছুটা সময় দরকার। দৈহিক খর্বাকৃতি তাকে খেলায় কিছুটা অসুবিধার সম্মুখীন করতে পারে। তবে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মতই সে জোরের সাথে বলে আঘাত করে।’