‘হূদয়ে একাত্তর’ ছবিতে গাইলেন পড়শী

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২০:৫২
সাদেক সিদ্দিকীর পরিচালনায় নতুন চলচ্চিত্র ‘হূদয়ে একাত্তর’-এর গানে কণ্ঠ দিলেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। জাহিদ আকবরের কথায় সেলিব্রেটি সাউন্ডল্যাব স্টুডিওতে গত ১৪ জানুয়ারি গানটির রেকর্ডিং হয়। ‘ভালোবাসায় বাঁচি’ শিরোনামের এই গানটি ইমন ও রোমানা অভিনীত ‘হূদয়ে একাত্তর’ চলচ্চিত্রে চিত্রায়িত হবে। ছবির প্লেব্যাক প্রসঙ্গে পড়শী বলেন, ‘বেশ কিছু প্লে-ব্যাক করেছি। তবে এই প্রথমবারের মতো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের জন্য গান করলাম। বরাবরই আমি জাহিদ ভাইয়ার লেখার ভক্ত। আবারও তার কথায় গান গাইবার সুযোগ হলো।’ গান রেকর্ডিংয়ে এসে চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘এটা একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী। এ প্রজন্মের কলাকুশলীরাই ছবিতে কাজ করবেন। আমরা ১৮ জানুয়ারি থেকে শুটিং শুরু করব। আশা করছি এটা এ ছবিটি মুক্তিযুদ্ধ উত্তর প্রজন্মের জন্য একটা অন্যতম চলচ্চিত্র হবে।’ জাহিদ আকবর বলেন, ‘ছবিটির থিম যখন প্রযোজক আমাকে জানালেন তখন মাথায় সেই সময়ের প্রেমের পটভূমির কথা ভাবছিলাম। সেটা ভেবেই সহজ সাবলীল এক প্রেমের সংলাপ আছে এই গানে। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’