বাংলাদেশের বিভিন্ন চাঞ্চল্যকর-আলোচিত এবং মর্মস্পর্শী হত্যাকাণ্ড, ধর্ষণ, গুম, অপহরণ, প্রতারণা ও ডাকাতির নেপথ্য কাহিনী নিয়ে এই প্রথম বাংলাদেশি কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত হলো এক ঘণ্টা ব্যাপ্তির পূর্ণাঙ্গ খণ্ড নাটক। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘ক্রাইম ফিকশন’। এর আগে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে ক্রাইম বিষয়ক নানা রকম অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকলেও তা পূর্ণাঙ্গ নাটক আকারে এই প্রথম নির্মিত হলো। অনুসন্ধানী এই নাটকটি নির্মিত হয়েছে গাজী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় আর নির্মাণ করেছেন চ্যানেলের প্রযোজক তারেক খান। এ নাটকের শিল্পী ও কলাকুশলীরা প্রত্যেকেই দেশের বিভিন্ন জেলার অভিজ্ঞ মঞ্চ নাট্যকর্মী এবং যাদের মধ্যে অনেকেই টেলিভিশন পর্দায় প্রথমবারের মতো অভিনয় করছে। এই নাটকের মূল বৈশিষ্ট্য হচ্ছে নাটকের প্রতিটি মুহূর্তে রয়েছে নাটকীয়তায় ভরপুর যা দর্শক ধরে রাখতে সক্ষম হবে। লিসানুল হক খান তারেকের নাট্যরূপ ও প্রযোজনায় ব্যতিক্রমী এই ধারাবাহিক নাটকটি সপ্তাহের প্রতি বুধবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।
