বগুড়া শাহসুলতান কলেজে ডাকাতি

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:১৪
বগুড়া সরকারি শাহসুলতান কলেজে ডাকাতি হয়েছে। সোমবার গভীর রাতে এই ডাকাতি সংঘটিত হয়। দুর্বৃত্তরা কলেজের অধ্যক্ষের কার্যালয়সহ ৮টি ডিপার্টমেন্টের আলমারি ভেঙ্গে কাগজপত্র তছনছ ও নগদ টাকা, বাইসাইকেল নিয়ে গেছে । পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত কলেজে হানা দেয়। তারা কলেজের দুই নৈশ প্রহরীকে ধরে হাত মুখ বাঁধে একটি রুমে তালাবদ্ধ করে রাখে। পরে কলেজের অধ্যক্ষের কার্যালয় সহ ৮টি ডিপার্টমেন্টের তালা ভেঙ্গে আলমারি ও ফাইল কেবিনেট ভাংচুর এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক যোগেন্দ্র কুমার মন্ডল জানিয়েছেন, তার কার্যালয় থেকে ১৫/২০ হাজার টাকাসহ অন্যান্য বিভাগ থেকে আরো কয়েক হাজার টাকা, নৈশ্য প্রহরীদের মোবাইল সেট ও ২টি বাইসাইকেল ডাকাতরা নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজের অধ্যক্ষ জানিয়েছেন এ বিষয়ে ডাকাতি মামলা দায়ের করা হবে।