শিক্ষক সংকটসহ নানান সমস্যায় জর্জরিত তালা সরকারি ডিগ্রি কলেজ। প্রয়োজনীয় শিক্ষক না থাকায় কলেজের ছাত্র-ছাত্রীদের লেখাপড়া দারুণভাবে ব্যাহত হচ্ছে।
কলেজটিতে ৪৬টি শিক্ষকের পদ থাকলেও রয়েছেন মাত্র ২৩ জন। অনার্সসহ ৪টি বর্ষের ৯৬৬ জন ছাত্র-ছাত্রীর ক্লাস নিতে রীতিমতো হিমশিম পোহাতে হচ্ছে শিক্ষকদের। এছাড়া কলেজটি প্রয়োজনীয় উপকরণ সংকট, সুপেয় পানি ও স্যানিটেশন সমস্যাসহ নানান সমস্যায় ধুঁকছে। স্বাধীনতা পূর্ববর্তী ১৯৬৯ সালের ১ জুন এলাকার একদল শিক্ষানুরাগী তালা কলেজটি প্রতিষ্ঠা করেন। ১৯৮৮ সালে সরকারিকরণ করা হয় কলেজটি। ২০১০ সালে কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলা এবং দর্শন বিষয়ে অনার্স কোর্স চালু হয়। অনার্স কোর্সে ১৫০ জন শিক্ষার্থীর নিয়মিত ক্লাস ও পড়াশোনা নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। সরকারিকরণের পর থেকেই কলেজটি একের পর এক সমস্যায় জর্জরিত থাকায় লেখাপড়ার মান দারুণভাবে ব্যাহত হচ্ছে বলে জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। কলেজ হোস্টেলে মাত্র ৩০টি আসন রয়েছে, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। ফলে দূর- দূরান্ত থেকে আগত শিক্ষার্থীরাও আবাসন সংকটের কারণে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল মালেক বলেন, এতদাঞ্চলের অনেক দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী রয়েছে, যাদের জন্য উচ্চতর ডিগ্রি নিতে বাইরে যাওয়া ব্যয়বহুল। এজন্য কলেজটিতে শীঘ্রই ইংরেজি, ইতিহাস, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ও অর্থনীতি বিষয়ে অনার্স কোর্স চালু করা দরকার। একই সাথে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণসহ অবকাঠামোগত উন্নয়ন জরুরি হয়ে পড়েছে বলে তিনি জানান।
