কুমিল্লার নাঙ্গলকোটের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতে যোগাযোগ রক্ষাকারী এক মাত্র সড়কের অষ্টগ্রাম- সাতবাড়িয়ার মধ্যবর্তী স্থানে নির্মিত ব্রিজটির দু’পাশে উইং ওয়াল না থাকায় রাস্তা ভেঙ্গে গিয়ে ব্রিজটি ধসে পড়ার উপক্রম। এতে সড়কটি দিয়ে যান চলাচল দুরূহ হয়ে পড়েছে। দুর্ঘটনা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটির উপর দিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচল করছে। যে কোন মুহূর্তে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে ব্যাপক প্রাণহানির আশংকা।
এলাকাবাসীরা জানান, উপজেলার দক্ষিণাঞ্চলের জনসাধারণের ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের সহজ সড়ক হচ্ছে বক্সগঞ্জ-গুণবতী সড়ক। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বক্সগঞ্জ-গুণবতী সড়কের অষ্টগ্রাম জলাভূমির উপর এলজিইডির অর্থায়নে একটি ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু দু’পাশে উইং ওয়াল নির্মাণ না করায় দু’পাশের সড়ক ভেঙ্গে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক বলেন,ব্রিজটির উইং ওয়ালসহ পুরো সড়ক মেরামতের জন্য প্রাক্কলন তৈরি করে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে।
