বড় ব্যবধানে জিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনলো স্বাগতিক ভারত। গতকাল মঙ্গলবার কোচিতে অনুষ্ঠিত ওয়ানডেতে টিম ইন্ডিয়া ১২৭ রানে হারায় সফরকারীদের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান ব্যবধানের জয়।
টস জিতে ভারত ব্যাটিং নিলেও শুরুটা ছিল নড়বড়ে। দলীয় ১৮ রানে দুই ওপেনারকে হারায় তারা। আগের ম্যাচে দলকে উড়ন্ত সূচনা এনে দেয়া গৌতম গাম্ভীর (৮) ও আজিঙ্কা রাহানে (৪) ব্যর্থ হন। এরপরই দলের ইনিংসকে শক্ত ভিত দিতে ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হয়ে খেলেন যুবরাজ সিং। ব্যাট হাতে দুর্দান্তভাবে এগিয়েও যাচ্ছিলেন তিনি। কিন্তু ১৬তম ওভারে জেমস ট্রেডওয়েলকে সুইপ করতে গেলে অস্ট্রেলিয়ার আম্পায়ার স্টিভ ডেভিসের সংশয় জাগানো সিদ্ধান্তে এলবিডব্লিউ হন যুবরাজ (৩২)। যুবরাজ ফিরে গেলে চতুর্থ উইকেটে ইনিংস মেরামতে মনোযোগী হন সুরেশ রায়না ও বিরাট কোহলি। কিন্তু দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে পারেননি তারা। জুটিতে ৪৮ রান যোগ করে ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেন কোহলি। অফ-ফর্মে থাকা কোহলি এ ম্যাচে করেন ৩৭ রান।
অধিনায়ক ধোনি এরপর রায়নার সাথে জুটি বেধে ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে যান। রায়না ৬৬ বলে ক্যারিয়ারের ২৬তম ওয়ানডে হাফ-সেঞ্চুরির দেখা পেলেও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রীজে। দুটি করে চার ও ছক্কার মারে ৭৮ বলে ৫৫ রান করে থ তখন ৩৯.২ ওভারের ভারতের সংগ্রহ ৫/১৭৪।
এরপর ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে বিধ্বংসী রূপ নেন ধোনি। ইংলিশ বোলারদের তুলোধুনো করে পরের দশ ওভারে ৯০ রান যোগ করেন ধোনি ও জাদেজা। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হবার আগে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৬ বলে ৭২ রান করেন ধোনি। আর ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে ৩৭ বলে মারমুখী ৬১ রান করে অপরাজিত থাকেন জাদেজা। তার ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কার মার। এভাবেই ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ২৮৫। ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন স্টিভেন ফিন ও জেড ডার্নবাচ।
বড় এই লক্ষ্যের তাড়ায় ইংল্যান্ড ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে। ফলে ৩৬ ওভারে ১৫৮ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন ভুবেনশ্বর কুমার ও রবীচন্দ্রন অশ্বিন। ম্যাচের সেরা হন রবীন্দ্র জাদেজা। রাচিতে আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।
স্কো র কার্ড
ভারত
আজিঙ্কা রাহানে ব ফিন ৪
গৌতম গম্ভীর ব ডার্নবা ৮
বিরাট কোহলি ক বেল ব ওয়াকস ৩৭
যুবরাজ সিং এলবিডব্লিউ ব ট্রেডওয়েল ৩২
সুরেশ রায়না ব ফিন ৫৫
মহেন্দ্র সিং ধোনি ক রুট ব ডার্নবাচ ৭২
রবীন্দ্র জাদেজা অপরাজিত ৬১
রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ১
অতিরিক্ত (লেগবাই৫, ওয়াইড১০) ১৫
মোট (৬ উইকেট, ৫০ ওভার) ২৮৫
বোলিং : স্টিভেন ফিন ১০-১-৫১-২, জেড ডার্নবাচ ৯-০-৭৩-২, ক্রিস ওয়াকস ৯-০-৬০-১, সামিত প্যাটেল ১০-০-৪৩-০, জেমস ট্রেডওয়েল ১০-০-৪৮-১, জো রুট ২-০-৫-০।
ইংল্যান্ড
অ্যালিষ্টার কুক এলবিডব্লিউ ব ভুবেনশ্বর কুমার ১৭
ইয়ান বেল ক ধোনি ব শামি আহমেদ ১
কেভিন পিটারসেন ব ভুবেনশ্বর কুমার ৪২
রুট ব জাদেজা ৩৬
ইয়ন মরগান ক ধোনি ব ভুবেনশ্বর কুমার ০
ক্রেইগ কিসওয়েটার ক রায়না ব অশ্বিন ১৮
সামিত প্যাটেল অপরাজিত ৩০
ক্রিস ওয়াকস এলবিডব্লিউ ব জাদেজা ০
জেমস ট্রেডওয়েল এলবিডব্লিউ ব অশ্বিন ১
স্টিভেন ফিন ক ধোনি ব অশ্বিন ০
জেড ডার্নবাচ রান আউট (জাদেজা/ধোনি) ২
অতিরিক্ত (বাই ৪, লেগবাই ৩, ওয়াইড৪) ১১
মোট (অলআউট, ৩৬ ওভার) ১৫৮
বোলিং : ভুবেনশ্বর কুমার ১০-২-২৯-৩, শামি আহম্মেদ ৪-১-২৪-১, ইশান্ত শর্মা ৪-০-২৮-০, রবীন্দ্র জাদেজা ৭-১-১২-২, যুবরাজ সিং ৪-০-১৯-০, রবীচন্দ্রন অশ্বিন ৭-০-৩৯-৩।
ফল : ভারত ১২৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রবীন্দ্র জাদেজা (ভারত)।
সিরিজ : সিরিজে ১-১ সমতা।
