পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন, চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকতে চান তিনি। পর্তুগালের ২৭ বছর বয়সী এই ফুটবল তারকার সঙ্গে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের চুক্তি আছে। কিন্তু স্প্যানিশ মিডিয়া বলছে যে ক্লাবটিতে খুব একটা খুশিতে নেই তিনি এবং চলতি মৌসুম শেষে স্প্যানিশ রাজধানী ছেড়ে যেতে পারেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকাটি।
রোনালদোর সাথে প্যারি সেন্ট জার্মেইর যোগাযোগ হয়েছে বলেও খবর ছাপিয়েছে স্পেনের মিডিয়া। আবার এও বলা হচ্ছে যে, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডেও ফিরতে পারেন। ফিফাডটকমে প্রকাশিত এক সাক্ষাত্কারে রোনালদো বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিটি শেষ করতে চাই। এ বিষয়ে আমি পরিষ্কার। এরপর কি হবে তা ভবিষ্যত্ই বলে দিবে।’
ম্যানচেস্টার ছেড়ে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া ওই পর্তুগিজ তারকা মনে করেন এখনো লা লিগার শিরোপা জয় করা তার ক্লাবের পক্ষে সম্ভব। যদিও পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা।
তিনি বলেন, ‘এটি সত্যি যে, আমরা ভালভাবে চ্যাম্পিয়নশিপ শুরু করতে পারিনি। আমরা জানি, লা লিগায় আমরা অনেক নীচে পড়ে গেছি। তবে ফুটবলে অসম্ভব বলে কোন কথা নেই।’ এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করছি। ম্যাচগুলোতেও জয় পাচ্ছি। এখন দেখা যাক কি হয়। অবশ্য এখনো চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ডেল রে রয়েছে। তাই এই মৌসুমে জয় করার মত প্রচুর সুযোগ আছে আমাদের হাতে।’
স্প্যানিশ লিগে বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান চার পয়েন্টের। রেলিগেশনের আশংকার মধ্যে থাকা ওসানসুনার সঙ্গে গত শনিবার গোলশূন্য ড্রয়ে মাদ্রিদের দলটির দৈন্যদশার চিত্র ফুটে ওঠে প্রকটভাবে।
আরেক পর্তুগিজ, নিজের কোচ হোসে মরিনহোর পক্ষেও সমর্থন ব্যক্ত করেছেন রোনালদো। ইউরো এবং বিশ্ব ফুটবলের সেরা গোলরক্ষক হিসেবে স্বীকৃত ইকার ক্যাসিয়াসকে গত মাসে সাইডলাইনে বসিয়ে সমর্থকদের বিদ্রূপের শিকার হয়েছিলেন মরিনহো। রিয়াল মাদ্রিদের অধিকাংশ সমর্থক মাঠে কোচ মরিনহোর লড়াইয়ের ধরনে খুশি নন। রেফারিদের বিপক্ষে পক্ষপাতিত্বের ঢালাও অভিযোগগুলোও তারা খুব একটা পছন্দ করেন না। ড্রেসিং রুমে ইকার ক্যাসিয়াস ও সার্জিও র্যামোসের মত হেভিওয়েট তারকাদের সঙ্গে তার সম্পর্কের ফাটল ঘটেছে বলেও গুজব আছে। চলতি মাসের শুরুতেই স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্সার চালানো জরিপ রিপোর্টে বলা হয়েছে যে, রিয়াল মাদ্রিদের দুই তৃতীয়াংশ সমর্থক মনে করেন মরিনহো ক্লাবটির নেতিবাচক ইমেজ গড়ার জন্য দায়ী। এ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘মানুষ প্রতিবাদ করতেই পারে। আপনাকে এ ব্যাপারটির প্রতি সম্মান দেখাতে হবে। তারপরও আমি বলব, ‘তার প্রতি তাদের আরেকটু সহিষ্ণুতা থাকা দরকার। আমি এটি পরিষ্কারভাবে বলতে পারি যে, মরিনহো সবসময় ক্লাবের জন্য সেরাটা করারই চেষ্টায় থাকেন। তার সঙ্গে আমরা যারা কাজ করি সবাই বিষয়টি সম্পর্কে অবগত আছি। তবে সমর্থকদের মনোভাবের প্রতিও আমাদের সম্মান দেখাতে হবে।’
তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে মরিনহো হচ্ছেন বিশ্বের সেরা একজন কোচ। তিনি প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছেন যা জয়ের জন্য প্রয়োগের চেষ্টা চালান।’
আগামী ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের। রোনালদো বলেন, ‘কোন দলই অজেয় নয়। তবে আমরা যখন সেরা ফর্মে থাকি সে সময় আমরা সত্যিকার অর্থেই একটি ভাল দলে পরিণত হই। এটা ঠিক যে, ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে দারুণভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখনো যদি আমরা আমাদের আসল খেলাটা খেলতে পারি তাহলে তাদের হারানো সম্ভব। এজন্য আমাদের একাট্টা হয়ে দলগতভাবেই লড়তে হবে। যেমনটি অতীতের বহু ম্যাচে আমরা করেছি।’—বাসস
