দিনভর জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত

পাকিস্তানী ক্রিকেটারদের ব্যাপারে কঠোর অবস্থানে বিপিএল

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
বিসিবির জরুরি সভায়ও এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। সকাল থেকে চলছে উত্তেজনা। সভার মাঝপথে এক ধরনের তথ্য জানানো হল। বিকালে সেটা আবার বদলে গেল। সভা থেকে দল মালিকদের জানানো হল, যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে। এই চূড়ান্ত উত্তেজনা তৈরি হল শুরু হওয়ার মাত্র দুদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের সভায়। আর টানটান এই সভা থেকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত এলো, পাকিস্তানি খেলোয়াড়দের জন্য কোনো ধরনের নমনীয়তা দেখাবে না বিপিএল। প্রয়োজনে তাদের ছাড়াই শুরু হবে খেলা। অবশ্য পাকিস্তানি ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তাদের খেলোয়াড়ের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার একটু সময় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বুধবার সকাল ১০টার মধ্যে পিসিবি যদি খেলোয়াড়দের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত না নেয় তবে পাকিস্তানি খেলোয়াড় ছাড়াই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নির্ধারিত সময় শুরু হবে। এমনকি বিপিএলে অংশ নেয়া সাত ফ্রাঞ্চাইজিও এই সিদ্ধান্তে সম্মত হয়েছে। গতকাল মঙ্গলকার বিপিএলের জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। তিনি বলেন, ‘এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে কিছু জানতে পারিনি। আমরা তাদের কাছে আজ (কাল) একটি চিঠি দিয়েছি। আগামীকাল (আজ) সকাল ১০টার মধ্যে তারা যদি খেলোয়াড়দের ব্যাপারে কিছু না জানায় তাহলে আমরা পাকিস্তানিদের ছাড়াই বিপিএল খেলবো’। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কণ্ঠেও শোনা গেল একই ধরনের কথা। তিনি এ প্রসংগে বলেন, ‘আমরা আজ (কাল) বিকাল পর্যন্ত অপেক্ষা করেছি। ফ্রাঞ্চাইজিদের কাছ থেকে আমরা জেনেছি খেলোয়াড়রা তাদের বলেছে পিসিবির কাছ থেকে কোন এনওসি পায়নি। যেহেতু এখন পর্যন্ত কোন এনওসি পায়নি তাই ব্যাপারটি অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। এখন আমরা চিঠি দিয়েছি, তাদের অবস্থানের কথা জানতে চেয়েছি। তারা খেলোয়াড় দিবে কিনা। ফ্রাঞ্চইজিদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি তারা বিকল্প খেলোয়াড় নিতে পারবে কিনা। খেলোয়াড় নিলামের ৪.৪ ধারা অনুযায়ী তারা বিকল্প খেলোয়াড় নিতে পারবে’। অবশ্য এই ঝামেলাটা শুরু বিসিবির তরফ থেকেই হয়েছে। বিপিএল শুরুর আগে পিসিবির সাথে যোগাযাগ ছাড়াই খেলোয়াড়দের নিলামে তুলেছে বিসিবি। সঙ্গত কারণে পিসিবি শেষ সময় খেলোয়াড়দের আটকে দিয়েছে। এখন তারা ব্যাপারটাকে বাংলাদেশের পাকিস্তান সফরের সঙ্গে মেলাচ্ছে। তাদের শর্ত পূরণ করলে হয়তো পিসিবি খেলোয়াড়দের ছাড়বে। কিন্তু বিসিবি সেসব শর্তের মধ্যে না গিয়ে উল্টো কঠোর অবস্থানে গিয়েছে। বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমরা কোন শর্তের মধ্যে যাচ্ছি না। পেশাদার ক্রিকেট বোর্ড হিসেবে আমরা আশা করেছিলাম, তারাও পেশাদারিত্বের ছাপ দেখাবে। কিন্তু তারা সেটা দেখায়নি। তবে আমরা এসব আলাপে না গিয়ে তাদের সময় দিচ্ছি’। শুধু পাকিস্তানি খেলোয়াড় নিয়েই যে সমস্যা তা নয়। দ্বিতীয় বিপিএল শুরুর আগে বেশ অগোছালো লেগেছে কমিটিকে। অনেক ভুল-ভ্রান্তিও হয়েছে। যে কারণে বিপিএল শুরুর মাত্র একদিন আগেও বিপিএল শুরু নিয়ে শংকা তৈরি হয়েছে। নিজেদের সীমাবদ্ধতার কথাও অবশ্য স্বীকার করেছেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব। তিনি বলেন, ‘এটা সত্যি আমরা সেভাবে প্রচার করতে পারিনি। আমরা এখন গুছিয়ে কাজ করার চেষ্টা করছি। গতকাল ( সোমবার) উদ্বোধন অনুষ্ঠানের ব্যাপারে চূড়ান্ত হয়েছে। তবে আশা করছি বিপিএল শুরু হলে আর সমস্যা থাকবে না’। পাকিস্তান খেলোয়াড়দের ব্যাপারে গত সোমবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে পিসিবি প্রধান জাকা আশরাফের কথা হয়েছে বলে জানিয়েছেন বিপিএল সদস্য সচিব। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন বটে কিন্তু চূড়ান্ত কিছু হয়নি। যার কারণে বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণে অনিশ্চয়তা কাটছিল না। পাকিস্তানি খেলোয়াড় যদি নাও আসে তাহলে তাদের বিকল্প খেলোয়াড়ও নিতে হবে ফ্রাঞ্চাইজিদের। অথচ বিপিএল শুরু হতে মাত্র একদিন বাকি। এত অল্প সময়ের মধ্যে সবকিছু গোছানো বিপিএল কমিটির জন্য দুঃসাধ্য ব্যাপার হবে। ফলে প্রয়োজন হলে সূচিতে কিছুটা পরিবর্তনের কথা জানিয়েছেন বিপিএল কমিটির সদস্য সচিব। বিপিএল কমিটি সারাদিনই ভুগেছে এমন সব টানাপোড়েনে। দুপুরে পাকিস্তানি খেলোয়াড় প্রসংগে বিপিএল কমিটির সদস্য সচিব একবার জানিয়েছেন, কাল ছয়জন ও আজ আটজন পাকিস্তানি খেলোয়াড় ঢাকায় আসবেন। কিন্তু বিকাল নাগাদ পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়ায় সদস্য সচিব ফের বলেছেন, ‘ফ্রাঞ্চাইজিগুলোকে মানসিকভাবে প্রস্তুত থাকার কথা বলা হবে’। অর্থাত্ পাকিস্তানি খেলোয়াড়দের নিশ্চয়তার বিষয়টি তারা সন্ধ্যা পর্যন্ত জানতেন না। পিসিবি তাদের খেলোয়াড় ছাড়ার ব্যাপারে কোন সবুজ সংকেত দেয়নি। তাই সন্ধ্যা পর্যন্ত বিপিএল শুরু নিয়ে শংকা সৃষ্টি হয় বিসিবির কার্যালয়ে। বিপিএল কমিটি বা বিসিবি এই অন্ধকারে থাকলেও দলগুলো আবার বলছে অন্য কথা। কাল দুপুরে চিটাগাং কিংসের মালিক সামির কাদির চৌধুরী জানিয়েছেন, ‘আজ বিকালে পাকিস্তানের ইমরান নাজির ঢাকায় এসে পৌঁছাবেন’। শুধু তাই নয়, দুরন্ত রাজশাহীর আব্দুর রাজ্জাকও নাকি আসবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন। চিটাগাং কিংসের মালিক বলেন, ‘নাজির আমাদের বলেছে টিকিট পাঠিয়ে দিতে, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পেয়েছে কি পায়নি সেই বিষয়ে আমরা কিছুই জানি না’।