এক বছর বিরতির পর আবার স্বাধীনতা কাপ ফুটবল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মার্চে এই টুর্ণামেন্টটি ঢাকায় আয়োজিত হবে। পেশাদার লিগের নয়টি এবং বাছাই পর্ব পেরিয়ে আসা একটিসহ মোট ১০ দল অংশ নেবে এতে। টুর্নামেন্টটি ১২ কিংবা ১২ মার্চ থেকে শুরু হতে পারে। ফাইনাল হবে ২৬ মার্চ।
বাফুফের পেশাদার লিগ কমিটির গতকালকের সভায় এ সিদ্ধান্ত হয়। বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গ্রামীণ ফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় লেগের খেলাগুলো ২৮ জানুয়ারী থেকে শুরু করার সিদ্ধান্ত হয়। বিপিএলের প্রথম লেগ শেষ হচ্ছে ২০ জানুয়ারি। তবে এএফসি চ্যালেঞ্জ কাপের খেলায় অংশ নিতে জাতীয় দলের প্রস্তুতির জন্য বিপিএলের পঞ্চম রাউন্ডের খেলাগুলো ২১ ফেব্রুয়ারী থেকে ৯ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হবে। অন্যদিকে পেশাদার লিগের দ্বিতীয় ধাপ (সেকেন্ড টায়ার) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফেব্রুয়ারির ১ তারিখে শুরু হবে।
ঘরোয়া ফুটবল লিগের সর্বোচ্চ আসর বিপিএলের ক্লাবগুলোর জুনিয়র (অনূর্ধ্ব-১৬) দলগুলোকে নিয়েও প্রথমবারের মতো প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বাফুফে। ১৮ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে জুনিয়র দলগুলোর এই প্রতিযোগিতা।
নেপালে ২-৬ মার্চ পর্যন্ত হবে চ্যালেঞ্জ কাপের ‘ডি’ গ্রুপের বাছাইপর্ব।
