আশাবাদী দ্রগবা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
দলটিতে দিদিয়ের দ্রগবা আছেন বলেই তাদের নিয়ে অনেক আশা আইভরি কোস্টের সমর্থকদের। কিন্তু গত দুইবার দ্রগবার দেশ আইভরি কোস্ট শিরোপার কাছে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। তবে এবার দ্রগবা আশার কথাই শোনাচ্ছেন। তিনি বলছেন, দক্ষিণ আফ্রিকায় অবশেষে আইভরি কোস্ট নিজেদের দ্বিতীয় আফ্রিকান নেশন্স কাপ শিরোপা জয় করতে পারবে। আগামী ১৯ জানুয়ারি শুরু হবে আফ্রিকান নেশন্স কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে আশাবাদ ব্যক্ত করে দ্রগবা বলেন, ‘আমাদের দলটার অবশ্যই এর চেয়ে ভালো কিছু করার সামর্থ্য আছে। অসাধারণ হবে এখন যদি শিরোপাটা জয় করা যায়। সত্য কথা বলতে প্রতিবার হেরে ফিরতে ফিরতে আমরা ক্লান্ত। আমরা সেনেগালের বিপক্ষে বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়েছি। আমরা লড়াই করেছি। সবাই নিজেকে উজাড় করে দিয়েছে এবং এটা জয়ে সাহায্য করেছে। এই মুহূর্তে সবাই ট্রফি আশা করছে। আশা করি দেশকে এই শিরোপা দিতে পারবো।’ দ্রগবায় অনুপ্রাণিত হয়ে এলিফেন্টসরা ২০০৬ সালে এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। স্বাগতিক মিসরের বিপক্ষে ফাইনালে হেরে গিয়েছিল তারা। আবারো দ্রগবার কৃতিত্বেই ২০১২ সালের ফাইনালে আইভরি কোস্ট। কিন্তু এবার জাম্বিয়া শিরোপা নিয়ে গেল। দুইবারই আইভরি কোস্ট ফাইনালে পেনাল্টিতে গিয়ে হেরেছে। ২০০৬ সালের ফাইনালে তো দুইবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার দ্রগবা পেনাল্টি মিস করেন। দ্রগবার সাথে রয়েছেন ইয়ায়া এবং কোলো তোরে, দিদিয়ার জোকোরা ও ইমানুয়েল ইবুই। বর্তমানে ৩৪ বছর বয়স দ্রগবার। বড় মাপের এই স্ট্রাইকারের শেষ যাত্রা হতে পারে আন্তর্জাতিক ফুটবলে। আর তাই শিরোপা জিততে চাইবেন এটা স্বাভাবিক। আইভরিয়ানরা সেই ২০০৬ সাল থেকেই এই টুর্নামেন্টে ফেবারিট। কারণ সে বছর তারা প্রথম বিশ্বকাপে খেলার জন্য সুযোগ পেয়েছিল বাছাইয়ের মাধ্যমে। দ্রগবার প্রজন্মের পাশে রয়েছেন তরুণ আর্সেনালের খেলোয়াড় জারভিনহো,উইগানের অ্যারোনা কোন এবং লিঁলের সলোমন কালু। সব মিলিয়ে প্রতিভাবান দল বলা চলে। আর তাই পুরো দেশ তাকিয়ে আছে দ্রগবা বাহিনীর দিকে। অভিজ্ঞ হিসেবে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে নেতৃত্ব দিতে হবে দ্রগবাকে। ১৯৯২ সালে ঘানাকে পেনাল্টি গোলে হারিয়ে প্রথম ও শেষ শিরোপা জিতেছিল আইভরি কোস্ট। গত বছরের মে তে জাদুকরী স্ট্রাইকার দ্রগবা ইতিহাসের পাতায় প্রবেশ করেন। ফাইনালে পেনাল্টি থেকে গোল করেন তিনি এবং চেলসি শিরোপা জিতে নেয়। গত বছর সে আইভরি কোস্টের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। দ্রগবার ক্যারিয়ার এখন শেষের দিকে। ইংল্যান্ডের চেলসি ছেড়ে চীনে গিয়েছেন খেলতে সাংহাই শিনহুয়ার হয়ে খেলতে। খেলোয়াড়ী জীবনের এই বছরটাই হয়তো তার শেষ। তবে গুঞ্জন আছে বুট জোড়া তুলে রাখার আগে আবারো ইউরোপের বড় আসরে আসতে পারেন তিনি।