জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখার উপদেষ্টা শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, মানবাধিকার কর্মী নাসিমা আক্তার লাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর শাখা যুগ্ম আহ্বায়িকা ফাতেমা জামান সাথী প্রমুখ বক্তব্য রাখেন।
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে শাহে আলম মুরাদ বলেন, বিএনপি আরেকটি ১/১১ সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের কিভাবে রক্ষা করা যায় তার চক্রান্ত করছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
