মিসরে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৯ জনের প্রাণহানি এবং আহত হয়েছে একশরও বেশি মানুষ। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।
সদ্যনিয়োগ পাওয়া সেনা সদস্যদেরকে বহনকারী এই সামরিক ট্রেনটি কায়রোর কাছাকাছি গিজায় পৌঁছালে লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলেই ১৯ জন নিহত এবং ১০৩ জন আহত হয়েছে। ট্রেনটি দেশটির দক্ষিণাঞ্চল থেকে কায়রোর দিকে যাচ্ছিল। আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে বলে গিজার গভর্নর আলি আবদেলরাহমান জানিয়েছেন। মিসরে প্রায়ই এ ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে। এ ব্যাপারে জনগণের দীর্ঘদিনের দাবি থাকলেও সব সরকারই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
