সংবাদ কণিকা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:২৪
পাকিস্তানের পাঠ্য বইয়ে স্বাধীনতা আন্দোলন পাকিস্তানে মাধ্যমিক স্তরে ইতিহাসের পাঠ্য বইয়ে স্বাধীনতা আন্দোলন নিয়ে অধ্যায়টি মাত্র চার লাইনের। সেখানে বলা আছে, ইংরেজদের হাত থেকে দেশ মুক্ত করেছে মুসলিম লিগ। বাধা সৃষ্টি করা ছাড়া স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা ছিল না। এ কথা জানালেন পাকিস্তানের একটি মানবাধিকার সংগঠনের ডিরেক্টর এবং ‘পাকিস্তান-ইন্ডিয়া পিপলস ফোরাম ফর পিস অ্যান্ড ডেমোক্র্যাসি’র চেয়ারম্যান আই এ রেহমান। ‘দেশভাগ ও সীমান্ত:দক্ষিণ এশিয়ার দেশগুলোর বন্ধুত্বে তার প্রভাব’ নিয়ে আলোচনাচক্রে যোগ দিতে তিনি কলকাতা যান। রেহমান বলেন, হিন্দু শিক্ষকদের প্ররোচনায় পূর্ব পাকিস্তানে তুরুণেরা স্বাধীন বাংলাদেশ গড়ার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল বলে পাকিস্তানের পাঠ্য বইয়ে লেখা আছে। — আনন্দবাজার পত্রিকা সমকামীদের বিয়ের প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ সমকামীদের বিয়ের বিরুদ্ধে কয়েক লাখ মানুষ রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রতিবাদ জানিয়েছেন। সে দেশের প্রেসিডেন্টের প্রস্তাবিত কোনো বিধির বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় আন্দোলন কর্মসূচি। ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক লাখ মানুষ রবিবার প্যারিসের আইফেল টাওয়ারের কাছে সমবেত হন। উদ্দেশ্য, ফ্রান্সে আগামী জুন নাগাদ বৈধ হতে যাওয়া সমকামীদের বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ গত বছর তার নির্বাচনী প্রচারণার সময় সমলিঙ্গের মধ্যে বিয়ের বিষয়টি বৈধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। — ওয়েবসাইট ইরানে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে সফ্টওয়্যার এক ইরানি কর্মকর্তার বিবৃতি অনুযায়ী ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসা নিয়ন্ত্রণ করার জন্য তেহরান সরকার একটি বিশেষ ধরনের সফ্টওয়্যার সৃষ্টি করছেন। লক্ষ্য দৃশ্যত ফেসবুক এবং টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। দেশের জনগণ যাতে সীমিত এবং নিয়ন্ত্রিত অ্যাক্সেস বা প্রবেশাধিকার পেতে পারেন, সেটা নিশ্চিত করাই এই নতুন সফ্টওয়্যারের উদ্দেশ্য। অন্তত ইরানি মিডিয়াকে তাই বলেছেন খোদ পুলিশ প্রধান এসমাইল আহমদি মোঘাদম। —ডয়চে ভেলে