স্যাটেলাইট

ভাই-বোনের আনন্দ-বেদনার গল্প

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ১৯:০০
গতানুগতিক বউ-শাশুড়ির গল্পের ফ্যামিলি ড্রামার বাইরে আজকাল নতুন স্বাদের গল্প নিয়ে অনেক হিন্দি টিভি সিরিয়াল আসছে ছোট পর্দায়। যা দর্শকদের স্বাভাবিকভাবেই আকৃষ্ট করছে। এই সময়ে তেমনি একটি নতুন হিন্দি সিরিয়াল ‘এক ভির কি আরদাশ :ভিরা’ দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। স্টার প্লাস চ্যানেলে মাত্র দু’মাস আগে প্রচার শুরু হওয়া নতুন এই সিরিয়ালটি ইতোমধ্যেই দর্শক পছন্দের তালিকায় বেশ ভালো অবস্থান দখল করে নিয়েছে। ছোট্ট দুই ভাই-বোনের প্রাত্যহিক জীবনের আনন্দ-বেদনার গল্প নিয়ে আবর্তিত ডেইলি সোপ ‘ভিরা’ সমসাময়িক অন্যান্য জনপ্রিয় অনেক হিন্দি সিরিয়ালের জন্য রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠেছে। স্টার প্লাস চ্যানেলে জনপ্রিয় এই নতুন হিন্দি টিভি সিরিয়াল ‘ভিরা’র নানা বিষয় নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন শহরকেন্দ্রিক ফ্যামিলি ড্রামার পুরোনো ছকের বাইরে গ্রামীণ পটভূমিকায় আবর্তিত হচ্ছে স্টার প্লাস চ্যানেলের সিরিয়াল ‘ভিরা’র গল্প। পাঞ্জাবের প্রত্যন্ত এলাকার একটি গ্রাম প্রিতমপুরার এক ভাই ও তার বোনের চমত্কার হূদয়ছোঁয়া বাস্তবধর্মী গল্প এর মধ্যেই বিপুল সংখ্যক দর্শককে আকৃষ্ট করেছে। দশ-বারো বছরের এক কিশোর বালক রণবিজয় অনেকদিন থেকে সঙ্গী হিসেবে একজন ছোট বোনের অপেক্ষায় অস্থির ছিল। বেশ কয়েকবার অন্য বাড়ি থেকে নবজাত ছোট্ট শিশু কন্যাকে সবার অগোচরে নিজের বাড়িতে এনে লালন পালন করতে চেয়েছে সে। কিন্তু এভাবে রণবিজয়ের সাধ পূরণ হয়নি। কেউ তাদের সন্তানকে ছোট্ট রণবিজয়ের ইচ্ছে পূরণের জন্য রেখে যায়নি। এজন্য বারবার রণবিজয়ের বাবা-মাকে বিব্রত হতে হয়েছে সবার কাছে। রণবিজয়ের বাবা সম্পূরণ সিং গ্রামের পঞ্চায়েত প্রধান, মোটামুটি স্বচ্ছল কৃষক। স্ত্রী রতনকে নিয়ে চমত্কার সুখের দাম্পত্য জীবন তাদের। কিন্তু হঠাত্ সম্পূরণের বাড়িতে এসে উপস্থিত হয় সদ্যজাত কন্যা সন্তানসহ এক নারী। মারাত্মকভাবে অসুস্থ নারীটিকে এলাকার কিংবা এ বাড়ির অন্য কেউ চিনতে পারে না।। তবে গ্রামের পঞ্চায়েত প্রধান সম্পুরণ সিং অসুস্থ নারীটিকে দেখে চিনতে পারে এবং অবাক হয়। অমৃতার অসুস্থতা এবং আরোগ্য লাভের সম্ভাবনা নেই জানার পর সম্পুরণ সিং তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েছিল। এভাবে বিবাহিত এবং সন্তানের জনক সম্পুরণ অসহায় অসুস্থ তরুণী অমৃতাকে অনেক মমতা আর ভালোবাসায় একান্ত আপন করে নিয়েছিল। মৃত্যুপথযাত্রী অমৃতাকে কোলে তুলে নেয়, তার কোলে মাথা রেখে মারা যায় অমৃতা। অমৃতার মৃত্যু সবার মনে অনেক প্রশ্নের উদ্রেক করে। গ্রামের পঞ্চায়েত প্রধান হিসেবে সম্পুরণ সবাইকে বলে মৃত নারীটির সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক আর ভালোবাসার ফসল সদ্যজাত শিশুকন্যাটি। সবাই এলাকার পঞ্চায়েত প্রধানের চারিত্রিক স্খলনের জন্য বিক্ষুদ্ধ হয়। তার বিরূদ্ধে অনাস্থা আনে। গ্রামের পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সম্পুরণকে। ওদিকে সদ্যজাত শিশুটিকে পেয়ে সম্পুরণের ছেলে রণবিজয় মহাখুশি। তাকে মায়ের স্নেহে যত্নে আগলে রাখতে ব্যস্ত হয়ে পড়ে। সম্পুরণের স্ত্রী রতন স্বামীর সঙ্গে অমৃতার সম্পর্কের ব্যাপারটি সহজভাবে মেনে নিতে পারে না। স্বামীর বিশ্বাসভঙ্গ ও প্রতারণায় ভীষণভাবে প্রতিক্রিয়া জানায়। সম্পুরণ তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়, অমৃতার রেখে যাওয়া শিশু কন্যাটিকে নিজেদের পরিবারের একজন হিসেবে রাখার অনুরোধ জানালে রতন তার স্বামীকে সামনে থেকে চলে যেতে বলে। স্ত্রীর কাছে চরমভাবে অপমানিত হয়ে সম্পুরণ একদিন নিরুদ্দেশ হয়ে যায়। স্বামী নিরুদ্দেশের পর রতন সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। ছেলে রণবিজয় অমৃতার রেখে যাওয়া কন্যা সন্তানটিকে মায়ের আদরে বড় তরে তুলতে থাকে। রণবিজয়ই তার নাম রাখে ভিরা। সারা দিনরাত ভিরের নানা বিষয় দেখভাল করে সময় কেটে যায় কিশোর ছেলেটির। নিজের পড়াশোনা গোল্লায় যায়। নিষ্পাপ ছোট্ট শিশু ভিরা কিন্তু রতনকেই তার মা হিসেবে জানে। আসল মা অমৃতা তাকে জন্ম দিয়ে মারা যাওয়ার পর থেকেই এ বাড়িতে রতনকে মা হিসেবে দেখে আসছে সে। পাঞ্জাবি ভাষায় ‘ভিরা’ মানে বড় ভাই। ‘ভিরা’ সিরিয়ালে রণবিজয় বড় ভাই হলেও তার ছোটবোন ভিরাকে মায়ের মতো আদর যত্নে বড় করে তুলছে। একই মায়ের পেটে দু’ভাই বোনের জন্ম না হলেও তাদের পরস্পরের প্রতি টান, মমত্ববোধ, আকর্ষণ অসাধারণ। একজনের জন্য আরেকজনের ত্যাগ, তিতিক্ষার বিষয়গুলো কাহিনীতে আগামীতে তুলে ধরা হবে। গত্বাঁধা কাহিনীর ফ্যামিলি ড্রামার বাইরে গ্রামীণ পটভূমিকায় আবর্তিত ‘ভিরা’ সিরিয়ালটি দ্রুত সব শ্রেণীর দর্শকদের আলোড়িত করেছে। ভাইবোনো সম্পর্ক কতোটা গভীর হতে পারে ‘ভিরা’ সিরিয়ালে বিষয়টি চমত্কারভাবে তুলে ধরার ক্ষেত্রে সফল হয়েছেন এর নির্মাতা। জনপ্রিয় হয়ে ওঠা ‘ভীরা’ সিরিয়ালে বিভিন্ন চরিত্রে অভিনয় সুধাংশু পান্ডে (সম্পুরণ সিং), স্নেহা ওয়াগ (রতন), সেগুপ্তা আলি (মতি), আস্থা চৌধুরী (অমৃতা) প্রমুখ। স্টার প্লাস চ্যানেলে সপ্তাহে প্রতি সোম থেকে শুক্রবার রাত ১১টায় ‘ভিরা’ সিরিয়ালটি দেখানো হয়।