নাট্যাচার্য সেলিম আল দীনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৪ জানুয়ারি সোমবার নাট্যসংগঠন স্বপ্নদল দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোত্সব—২০১৩’-এর আয়োজন করেছে। সেলিম আল দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ উত্সবের স্লোগান ছিল ‘এ নাট্যমঞ্চে প্রলয়ের বীণ, নাট্যাচার্য সেলিম আল দীন’।
উত্সবের অনুষ্ঠান পরিকল্পনার মধ্যে ছিল সকাল ৮টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে গমন এবং সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সম্মুখস্থ ‘মৃত্মঞ্চে’ সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অবলম্বনে স্বপ্নদল-এর ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ প্রযোজনার মঞ্চায়ন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বেলা ৩টায় ‘নাট্যাচার্য সেলিম আল দীন : নবীন নির্দেশকের দৃষ্টিতে’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সমকালীন উল্লেখযোগ্য নবীন নির্দেশকেরা সেলিম আল দীনের নাট্যকর্ম ও শিল্পতত্ত্ব সম্পর্কে তাদের অভিমত তুলে ধরবেন এবং প্রবীণ নাট্যজনেরা আলোচনার উপসংহার করেছেন। এখানে নবীন নির্দেশকদের মধ্যে উপস্থিত ছিলেন—আজাদ আবুল কালাম, অনন্ত হিরা, সাইদুর রহমান লিপন, আরিফ হায়দার, আইরিন পারভীন লোপা, আমিনুর রহমান মুকুল, মোহাম্মদ জসীম উদ্দিন, সুদীপ চক্রবর্তী, আনন জামান প্রমুখ। আতাউর রহমানের সভাপতিত্ব এ আয়োজনে প্রবীণ নাট্যজনদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেছেন—নাসির উদ্দীন ইউসুফ, এস এম মহসীন, তারিক আনাম খান, শিমূল ইউসুফ, বেগমজাদী মেহেরুন্নেসা পারুল, রশীদ হারুন, ঝুনা চৌধুরী প্রমুখ। এরপর সন্ধ্যা ৬.২০ মিনিটে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে নাট্যাচার্যকে নিবেদিত স্বপ্নদলের সংগীত-কোরিওগ্রাফি ‘এ নাট্যমঞ্চে মঞ্চে প্রলয়ের বীণ-এর’ উদ্বোধনী মঞ্চায়ন হয়। শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিন্টোল থিয়েটার হলে স্বপ্নদলের পরিবেশনায় মঞ্চায়িত হয় সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’। সেলিম আল দীনের স্মৃতিকথা অবলম্বনে ‘ফেস্টুনে লেখা স্মৃতি’-র নাট্যরূপ দিয়েছেন জাহারাবী রিপন, নির্দেশনা উপদেষ্টা জাহিদ রিপন এবং নির্দেশনা দিয়েছেন সামাদ ভূঞা ও রওনক লাবণী। আর ‘হরগজ’ প্রযোজনার নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। প্রসঙ্গত, নাট্যাচার্য সেলিম আল দীন অনন্যসাধারণ নাট্যকার হিসেবে স্বীকৃত হলেও অত্যন্ত দুরূহ বিধায় নবীন
দলগুলোর মধ্যে একমাত্র স্বপ্নদলই নিয়মিতভাবে সেলিম আল দীনের চর্চা করে থাকে। স্বপ্নদল ইতোমধ্যে সেলিম আল দীন-এর ‘হরগজ’ ও ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ প্রযোজনার উল্লেখযোগ্যসংখ্যক প্রদর্শনী, ‘স্বর্ণবোয়াল’, ‘হাড়হাড্ডি’, নিমজ্জন’ প্রভৃতি প্রযোজনার অংশবিশেষ মঞ্চায়ন, নাট্যাচার্যের উদ্দেশে নিবেদিত দু’টি সঙ্গীত-কোরিওগ্রাফি এবং বিভিন্ন সময়ে ছয়বার ‘সেলিম আল দীন উত্সব’ সম্পন্ন করেছে।
