আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা বলেছেন, ফুটবল আর টানছে না তাকে ! বিস্মিত হওয়ার মতই খবর। আর্জেন্টিনার ’৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা ফুটবলে কেন আর কাজ করতে চান না সেই কারণও ব্যাখ্যা করেছেন।
আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটের কোচ ম্যাটিয়াস আলমেইদকে ক্লাব কর্তৃপক্ষ হঠাত্ করেই বরখাস্ত করে। এবং অতিদ্রুতই তার পরিবর্তে নতুন কোচ হিসেবে নিয়োগ করা হয় র্যামন ডিয়াজকে। এ ঘটনাই নাকি ম্যারাডোনাকে ফুটবলে কাজ করার প্রতি বীতশ্রদ্ধ করে তুলেছে। আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের সাবেক কোচ ম্যারাডোনা র্যাসিও ন্যাসিওনালকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘তারা (রিভারপ্লেট কর্তৃপক্ষ) যেভাবে ‘পেলাডো’ আলমেইদাকে বরখাস্ত করেছে এবং রবিবারের মধ্যে (তার জায়গায়) র্যামন ডিয়াজকে নিয়োগ দিয়েছে তা দেখে আমি একেবারেই হতাশ। ফুটবলে আমি আর কাজ করতে চাই না। তিন দিনের মধ্যে নতুন কোচ নিয়োগ করা । এটা একেবারেই হতাশাজনক। আমি এটা আর করতে চাই না।’
বোকা জুনিয়র্সের সাবেক এই তারকা কথা বলেছেন আরেক আর্জেন্টাইন ফুটবলার হুয়ান রোমান রিকুয়েমের প্রসঙ্গেও। বোকা কোচের সাথে রিকুয়েমের বিবাদের বিষয়ে নিজেকে জড়াতে চান না বলে জানিয়েছেন তিনি, ‘রিকুয়েমে, (কার্লোস) বিয়াঞ্চি এবং (ড্যানিয়েল) অ্যানজেলেচির মধ্যে যা ঘটেছে সেটা তাদের ব্যাপার। আমি শুধু একটা কথাই বলতে পারি যে তাকে (রিকুয়েমে) খেলতে হবে। তবে আমার মনে হয় না বোকার (জুনিয়র্স) সাথে সেটা ঘটবে তবে তাকে খেলতে হবে। ’
