হতাশা ভুলতে চান ক্যাসিয়াস

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:২৪
স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস বলেছেন কোপা ডেল রেতে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স তাদের লা লিগা হতাশা ভুলে যেতে সাহায্য করছে। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে রিয়াল বর্তমানে ১৮ পয়েন্ট পিছিয়ে আছে। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের ৩৭ মিনিটে করিম বেনজামা এবং ৭৪ মিনিটে হোসে গুয়ার্দাদোর আত্মঘাতী গোল রিয়ালকে ২-০ গোলের জয় এনে দেয়। যদিও সফরকারি ভ্যালেন্সিয়াই ম্যাচে অধিকাংশ সময় আধিপত্য বিস্তার করে ছিল। তবে সেদিকে দৃষ্টি না দিয়ে এই ম্যাচ থেকে কেবল ইতিবাচক দিকগুলোই খুঁজে নিতে চান রিয়াল অধিনায়ক ক্যাসিয়াস। কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারলে সেমিতে রিয়ালকে মুখোমুখি হতে হবে বার্সেলোনা অথবা মালাগার। সেইন্ট ইকার বলেছেন, ঘরের মাঠে কোন পয়েন্ট না হারানোটা ছিল খুবই জরুরি। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেন,‘ঘরের মাঠে প্রথম লেগ কোন নিজেদেরকে সম্পূর্ণভাবে দাগমুক্ত রাখা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ভ্যালেন্সিয়া প্রতিপক্ষ হিসেবে খুবই ভয়ঙ্কর এবং আমি নিশ্চিত ফিরতি লেগে আরও কঠিন চ্যালেঞ্জই আমাদের জন্য অপেক্ষা করছে। মাঠে আমাদের পারফরম্যান্স আশাব্যঞ্জক না হলেও খেলার ফলাফলে আমি সন্তুষ্ট।’ কোপা ডেল রেতে নিজেদের শিরোপার সম্ভাবনা নিয়ে ৩১ বছর বয়সী এই গোলরক্ষক বলেন,‘কোপায়(ডেল রে) শিরোপা জয়ের পথ মোটেই মসৃণ নয়। আমি জানি কোয়ার্টার ফাইনালে জিতলে সেমিতে আমাদের বার্সেলোনা অথবা মালাগার মুখোমুখি হতে হবে। সেটা কোন ব্যাপার নয় । আসল কথা হলো আজকের জয় নিশ্চিতভাবেই আমাদের আত্মবিশ্বাস এক ধাপ বাড়িয়ে দেবে এবং লিগে(লা লিগা) আমাদের ব্যর্থতার ক্ষতে প্রলেপ লাগাবে।’