চলচ্চিত্রে অভিনয়ের ঘোষণা সারিকার

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:২৫
মাঝে কিছুদিন বিরতি দিয়ে আবারও একনাগারে কাজ শুরু করেছেন মডেল অভিনেত্রী সারিকা। এসএ হক অলিক, নঈম ইমতিয়াজ নেয়ামুল, চয়নিকা চৌধুরীসহ একাধিক নির্মাতার এক ঘণ্টার নাটক করছেন তিনি এখন। সারিকা জানালেন, ‘এমনিতেই আমি কখনও সিরিয়ালে অভিনয় করিনি। কারণটা হলো একটা যদি দীর্ঘ সময় কোনো প্রোডাকশনে দিতেই হয়, তবে তা চলচ্চিত্রের জন্যই দেব। গেল বছরই আমি পরিকল্পনা করেছিলাম যে নতুন চলচ্চিত্রের কথা ঘোষণা করব। সেই অনুযায়ী এ বছরই হয়তো বেশ ক’টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হব।’ মাঝে বিরতির কারণ হিসেবে সারিকা জানালেন, ‘আমার তো মনে হয় না, আমার কোনো বিরতি গেছে। আমি তো একটানা ঠিকই কাজ করে গেছি। মাঝে একই টাইপের কাজ ছিল বলে করিনি। তবে আমার আগামী কয়েকটা ভালো নাটক আসছে। যাতে অন্য সারিকাকে পাবে দর্শকেরা।’ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, ‘প্রায় প্রতি সপ্তাহেই একাধিক চলচ্চিত্রের অফার আসে আমার কাছে। সেগুলো একটার চেয়ে আরেকটা ভালো। তবে যেহেতু এটা ফিল্ম, তাই আরও সময় নিয়ে কাজটা আমি হাতে নিতে চাই। এ বছর থেকেই নিয়মিত চলচ্চিত্র করব। বিনোদন প্রতিদিন-এর মাধ্যমেই এই ঘোষণাটা আমি দিতে চাই।’