পরীক্ষামূলক সম্প্রচারের অবসান ঘটিয়ে আগামীকাল পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে এশিয়ান টিভি। এশিয়ান টিভির উদ্বোধনী অনুষ্ঠান ও নানা পরিকল্পনা নিয়ে জানাতে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এশিয়ান টিভি কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির হেড অব প্রোগ্রাম অ্যান্ড এন্টারটেইনমেন্ট কামরুজ্জামান বাবু, এন্টারটেইনমেন্ট এডিটর অ্যান্ড ডেপুটি হেড অব প্রোগ্রাম সৈকত সালাহউদ্দিন, এশিয়ান টেলিভিশনের বিভিন্ন নাটক ও অনুষ্ঠানের কলাকুশলীবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নাট্যাভিনেত্রী সাবেরী আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ও সারাবিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষিদের বিনোদন ও নানা অনুষ্ঠান উপহার দিতে ১৮ জানুয়ারি পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে এশিয়ান টিভি। বিকেল ৩টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার মো. আব্দুল হামিদ অ্যাডভোকেট, এমপি। এরপর আলো ঝলমলে নাচ-গান, আর র্যাম্প-এর বিভিন্ন অংশে থাকবেন জনপ্রিয় সব তারকা।
